দ্বৈত নাগরিকত্ব ইস্যু, রাহুলের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের
বর্তমান | ১৭ এপ্রিল ২০২৬
নয়াদিল্লি, ১৭ এপ্রিল: দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে সমস্যায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কর্ণাটকের বিজেপি কর্মী এস বিঘ্নেশ শিশিরের দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার এলাহাবাদ হাইকোর্ট জানায়, এই অভিযোগে যথাযথ তদন্তের প্রয়োজন রয়েছে। নির্দেশ দিয়েছে এফআইআর দায়ের করারও। উত্তরপ্রদেশ সরকার বা প্রয়োজনে কেন্দ্রীয় সংস্থাকে দিয়েও এটির তদন্ত করা যেতে পারে বলেও জানিয়েছে আদালত। এর পাশাপাশি উত্তরপ্রদেশের রায়বেরেলির কোতোয়ালি থানাকে মামলা রুজু করার নির্দেশ দিয়েছে আদালত। এদিন মামলাকারী নিজের সোশ্যাল মিডিয়ায় আদালতের এই রায়ের কথা বিস্তারিতভাবে জানিয়েছেন।
এর আগে রাহুলের বিরুদ্ধে রায়বেরেলির বিশেষ এমপি-এমএলএ আদালতে দ্বারস্থ হয়েছিলেন বিঘ্নেশ। দাবি করেছিলেন, রাহুল গান্ধী যে এই দেশের নাগরিক নন এমন একাধিক প্রমাণ তাঁর হাতে রয়েছে। তিনি যেহেতু ব্রিটেনের নাগরিক তাই ভারতের কোনও নির্বাচনে লড়ার যোগ্যতা নেই বলেও দাবি করেছিলেন বিঘ্নেশ। এমনকী এই বিষয়ে ব্রিটিশ সরকারের সঙ্গেও না কী যোগাযোগ করেছিলেন তিনি। সেদেশ থেকেও বেশ কিছু তথ্য-প্রমাণও সংগ্রহ করেছেন। ফলে এই ইস্যুতে অবিলম্বে কেন্দ্রের হস্তক্ষেপের প্রয়োজন। এফআইআর দায়ের করার আবেদনও জানান। কিন্তু সেই আবেদনটি খারিজ করে দিয়েছিল নিম্ন আদালত। জানানো হয়েছিল, নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার তাদের নেই। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন ওই ব্যক্তি। সেই মামলাতেই আজ এই রায় দিল এলাহাবাদ হাইকোর্ট।