• টোটো চালিয়ে দোরে দোরে গৌতম, জোর ‘ঘরে’ প্রচারে
    বর্তমান | ১৭ এপ্রিল ২০২৬
  • সোমেন পাল, গঙ্গারামপুর: অন্য ধাঁচে প্রচার করে নজর কাড়লেন গঙ্গারামপুরের তৃণমূল প্রার্থী গৌতম দাস। বৃহস্পতিবার কর্মীদের সঙ্গে নিয়ে টোটো চালিয়ে এলাকায় ঘুরে ভোট প্রচার করতে দেখা গেল তাঁকে। গঙ্গারামপুর বিধানসভার তপন ব্লকের রামপাড়া-চেঁচড়া এলাকায় গৌতমের নিজের বাড়ি। সেই চেনা মাটিতেই প্রচারের শেষলগ্নে বেশি সময় দিতে দেখা গেল তাঁকে। চেঁচড়া এলাকায় ঢুকতেই চোখে পড়ে একটি টোটো। সেটির যাত্রীরা আসলে তৃণমূল কর্মী। তাঁদের মুখে দলীয় স্লোগান। আর চালকের আসনে স্বয়ং প্রার্থী। 

    টোটো নিয়ে পাড়ার প্রতিটি বাড়ির সামনে দাঁড়াচ্ছেন তিনি। কুশল বিনিময়, সরাসরি বাড়িতে ঢুকে ভোট চাইছেন। ভোটারদের বলছেন, আমি পাড়ার ছেলে। তৃণমূলের প্রতীকে আবার দাঁড়িয়েছি। দেখা করতে এলাম। বাকিটা আপনাদের উপর ভরসা।

    প্রচারের সময় ডামি ব্যালট হাতে তুলে দিয়ে ভোটদানের পদ্ধতিও বুঝিয়ে দিচ্ছেন গৌতম। এই ভিন্নধর্মী প্রচারের কারণ জানতে চাইলে বলেন, প্রচারের সময় খুব কম। কয়েকদিন ধরে টানা হেঁটে প্রচার করেছি। এখন আর পা চলছে না। তাই পাড়ার এক ভাইয়ের টোটো নিয়েই বেরিয়ে পড়েছি। গলিপথে টোটো সহজেই পৌঁছে যায়। তাই মানুষের কাছে পৌঁছনোও সহজ হচ্ছে।

    টোটোয় করে কর্মীদের নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রামপাড়া ও চেঁচড়া এলাকায় প্রচার চালাতে দেখা যায় গৌতমকে। কখনও টোটোয় বসে বাড়ির সামনে দাঁড়িয়ে পরিবারের সদস্যদের নাম ধরে ডাকছেন। আবার নেমে সরাসরি বাড়ির ভিতরে গিয়ে যোগাযোগ করছেন। 

    সব মিলিয়ে মাটির কাছাকাছি থেকে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখার এই প্রচার কৌশল গঙ্গারামপুরের নির্বাচনি লড়াইয়ে এক আলাদা মাত্রা যোগ করেছে। 

    স্থানীয় বাসিন্দা সন্ধ্যা সরকার বলেন, গৌতম কাজের ছেলে। ও যখন বিধায়ক ছিল, আমাদের গ্রামের রাস্তার উন্নয়ন করেছে। পাড়ার ছেলের পাশেই আছি। ও টোটো চালিয়ে এসেছে, এতে অবাক হওয়ার কিছু নেই। গ্রামের ছেলে বলে সব কাজই পারে। প্রার্থী হয়েও কোনোদিন বাবু সেজে থাকেনি। ওর এই গুণটাই বেশি ভালো লাগে।
  • Link to this news (বর্তমান)