• তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে সহস্র লোকের মিছিল
    বর্তমান | ১৭ এপ্রিল ২০২৬
  • রাজীব বর্মন, দেওয়ানহাট: তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে বৃহস্পতিবার সকল থেকে দিনহাটার রাস্তায় ছিল জনস্রোত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড় আরও বেড়ে যায় কয়েকগুণ। সকাল থেকেই মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার মানুষের অভিমুখ ছিল শহরের সংহতি ময়দান। দিনহাটা শহরে ঢোকার বিভিন্ন রাস্তায় হাজার মানুষের মিছিলে শহর জনপ্লাবনের চেহারা নেয়। মানুষের ভিড়ে কার্যত স্তব্ধ হয়ে যায় কোচবিহারের বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এই মহকুমা শহর। 

    দিনহাটা শহরে ঢোকার সাহেবগঞ্জ রোড, রংপুর রোড, গোসানি রোড, মেইন রোড, বোর্ডিংপাড়া রোড, বলরামপুর রোড সহ সব রাস্তাতেই হাজার হাজার তৃণমূল কর্মী-সমর্থকের ভিড়ে উপচে পড়েছিল মমতার নির্বাচনি জনসভাকে কেন্দ্র করে। তৃণমূলের কর্মী-সমর্থকদের ‘জয় বাংলা’ স্লোগানে দিনভর মুখরিত ছিল দিনহাটা শহর। 

    তৃণমূল নেত্রীর সভা ঘিরে দিনহাটা শহরের সব রাস্তায় হাজার হাজার মানুষের ঢল দেখে ভোটের আগে উজ্জীবিত জোড়াফুলের নেতা-কর্মীরা। দিনহাটায় বিপুল জনজোয়ার দেখে আপ্লুত খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সভায় বক্তব্য রাখতে গিয়ে এ প্রসঙ্গে বলেন, যেন মনে হচ্ছে আপনারা তৃণমূলের জয়যাত্রাকে আরও এগিয়ে নিয়ে যেতে চান। 

    দিনহাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উদয়ন গুহ এবং সিতাই বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়ের সমর্থনে এদিন সভা করেন নেত্রী। দিনহাটার চৌধুরীহাটের বাসিন্দা সায়েরা বানু, মামনি দাস বলেন, দিদির সভায় দিদির কথা শুনতে সকাল সকাল রান্না করে খাওয়াদাওয়া সেরে সভায় চলে এসেছি। আমাদের গ্রাম থেকে কয়েকশো মানুষ এসেছে। কিছুটা গাড়িতে এসেছি। তারপর মিছিল করে শহরে ঢুকেছি। গোটা রাস্তার বিভিন্ন জায়গায় ছিল জোড়াফুলের ঝান্ডা হাতে কালো মাথার ভিড়। 

    সিতাইয়ের কায়েতের বাড়ি থেকে আসা রবিউল হোসেন, স্বপন রায় বলেন, একসঙ্গে এত মানুষের ভিড় দিনহাটায় অতীতে কোনো দিন দেখিনি। আমরা দলের কর্মী। মুখ্যমন্ত্রীর সভায় এত মানুষের ভিড় দেখে বিরোধীদের ভোটগণনার দিন পর্যন্ত আর ঘুম আসবে না। 

    দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ বলেন, দিনহাটা শহরে এর আগে কোনো সভায় এত মানুষের জমায়েত হয়নি। এই জনসমাগম দেখে ভোটের রেজাল্ট কী হবে সেটা এদিনই স্পষ্ট হয়ে গেল। বিরোধীদের জামানত জব্দ হবে এবার। • উদয়ন গুহ ও সঙ্গীতা রায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। দিনহাটায় তোলা নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)