• অভিষেকের রোড শোয়ে জনজোয়ার
    বর্তমান | ১৮ এপ্রিল ২০২৬
  • রঞ্জুগোপাল মুখোপাধ্যায়, ওন্দা: আর ছ’দিন পর ভোট। তার আগে বৃহস্পতিবার রোডশোয়ের মাধ্যমে ওন্দায় দলীয় কর্মীদের উজ্জীবিত করে গেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বিকালে ওন্দা বাজার এলাকায় রোডশোয়ে জনজোয়ার দেখা যায়। বিকাল ৪টে নাগাদ অভিষেকের হেলিকপ্টার ওন্দার মাটিতে নামে। তার অনেক আগে থেকেই ১৪ নম্বর জাতীয় সড়কের দু’পাশ কালো মাথায় ভরে যায়। গিজগিজে ভিড় থেকে নীল-সাদা বেলুন আর ঘাসফুলের ঝান্ডা উঁকি মারে। পুলিশের দড়ি টপকে অনেকে রাস্তার উপর উঠে যান।  

    অভিষেকের কপ্টার ওন্দা স্টেডিয়ামের উপর চক্কর কাটতেই জাতীয় সড়কে কার্যত মেক্সিকান ওয়েভ ওঠে। তৃণমূলের নির্বাচনি ‘থিম সংয়ের’ তালে তালে দু’হাত উপরে তুলে, কোমর দুলিয়ে তৃণমূল কর্মীর সমর্থকদের নাচতে দেখা যায়। সেইসঙ্গে ‘জয় বাংলা’ স্লোগান ওন্দার বাতাস কাঁপাতে থাকে। এদিনের রোড শোয়ে মহিলাদের উপস্থিতি বেশি ছিল। ওন্দা স্টেডিয়াম থেকে তৃণমূলের সেনাপতির রোডশো শুরু হয়। অভিষেক নীল রঙের হুডখোলা গাড়িতে চেপে যাত্রা শুরু করেন। তাঁর সঙ্গে ছিলেন ওন্দার তৃণমূল প্রার্থী সুব্রত দত্ত। দলের সেকেন্ড ইন কমান্ডের গাড়ির সামনে ও পিছনে রাস্তাজুড়ে এগিয়ে চলেন তৃণমূল নেতাকর্মীরা। ওন্দা থানার সামনে হয়ে রোড শো বাজার এলাকায় ঢোকে। সেখানে তখন তিল ধারণের জায়গা ছিল না। বাজার পরিক্রমার পর প্রায় ৫০০ মিটার যাওয়ার পর ওন্দা চৌমাথায় রোড শো শেষ হয়। সেখানে গাড়ির উপর দাঁড়িয়ে অভিষেক বেশকিছুক্ষণ বক্তব্য রাখেন। 

    জনজোয়ার দেখে আপ্লুত অভিষেক বলেন, আমি গত ১৫ বছরে বাঁকুড়ায় ৫০ বার এসেছি। এদিনের মতো জনসমাগম আগে দেখিনি। ওন্দাবাসী রেকর্ড করেছে। এই ভিড় যদি ২৩ এপ্রিল ভোটের লাইনে দাঁড়িয়ে জোড়াফুলের প্রার্থীকে ভোট দেয়, তাহলে বিজেপিকে ওন্দার মাটিতে আর খুঁজে পাওয়া যাবে না। 

    বিজেপিকে আক্রমণ করে অভিষেক বলেন, এদিনের রোড শোয়ের ছবি দেখলে বিধায়ক অমরনাথ শাখা সাতদিন ঘুমাতে পারবেন না। বিজেপি কয়েকটি অঞ্চলকে টার্গেট করে ভোট বৈতরণী পার হতে চাইছে। তবে এবার ওদের শক্ত ঘাঁটি রামসাগর অঞ্চলেও বিজেপি ভোট পাবে না। তৃণমূল কর্মীদের উদ্দেশে অভিষেক বলেন, ভোটের দিন সকাল থেকে আমার কন্ট্রোল রুম চালু থাকবে। কোনো সমস্যা হলে আমাকে ফোন করবেন। বিজেপি হুমকি, ধমকি দিচ্ছে। ওদের আমি সতর্ক করে দিতে চাই। আমি কিন্তু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উদার নই। বেশি লম্ফঝম্ফ করলে ৪মে ডিজের আওয়াজে কান ঝালাপালা হয়ে যাবে। 

    বিজেপি প্রার্থী অমরনাথ শাখা বলেন, এবারও ওন্দার মাটিতে পদ্ম ফুটবে। পরাজয়ের আশঙ্কায় তৃণমূলেরই রাতের ঘুম উবে গিয়েছে। সেই কারণে ওরা হুঁশিয়ারির সুরে কথা বলছে।

    এদিন অভিষেক স্থানীয় মানুষের দাবি দাওয়াকেও গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, ওন্দায় দলের প্রার্থী জয়লাভ করলে দ্বারকেশ্বর নদের উপর অসমাপ্ত চাবরা-গামিদ্যা সেতুর কাজ দ্রুত শেষ করা হবে। জিএসটি সংক্রান্ত জটিলতার কারণে ওই সেতুর কাজ থমকে রয়েছে। ওন্দার আলুচাষিদের দাবি মেনে একটি হিমঘর হবে। দ্বারকেশ্বর নদ ওন্দা থানাকে দু’ভাগে ভাগ করেছে। নদী পাড়ের নিকুঞ্জপুর, মাজডিহা ও সান্তোর অঞ্চল নিয়ে একটি পুলিশ ফাঁড়ির দাবি দীর্ঘদিনের। আমরা সরকার গড়লে ওই দাবি পূরণ হবে।
  • Link to this news (বর্তমান)