সংবাদদাতা, বারুইপুর ও উলুবেড়িয়া: শনিবার নির্বাচনি সভা করতে আসছেন মমতা। হাওড়ার উলুবেড়িয়া ও দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে সভা করবেন তিনি। সেখানে মঞ্চ তৈরির প্রস্তুতি প্রায় শেষ। তৎপর তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। উৎসাহ বাড়ছে কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের। সকলেই শুনতে চান, কী বলেন দিদি। দুপুর সাড়ে ১২টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারুইপুর রাসমাঠে সভা করবেন। বারুইপুর পশ্চিম বিধানসভার তৃণমূল প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায় ও বারুইপুর পূর্ব বিধানসভার তৃণমূল প্রার্থী বিভাস সর্দারের সমর্থনে সভা অনুষ্ঠিত হবে। বারুইপুর নিউ ইন্ডিয়ান মাঠে হেলিপ্যাড তৈরি করা হয়েছে। সভা ঘিরে প্রশাসনিক মহলেও ব্যস্ততা তুঙ্গে। দফায় দফায় মিটিং করছেন পুলিশের আধিকারিকরা। মাঠ ঘুরে গিয়েছেন দুই প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায় ও বিভাস সর্দার। মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে মহিলাদের ভিড় বেশি হবে মনে করছেন তৃণমূল নেতৃত্ব। স্থানীয় কাউন্সিলার আশিস দেবরায় ও বিকাশ দত্ত বলেন, বারুইপুর পশ্চিমের অধীন ১০টি পঞ্চায়েত ও পুরসভার ১৭টি ওয়ার্ড মিলিয়ে কয়েক হাজার মানুষের জমায়েত হবে। বারুইপুর পূর্ব বিধানসভা থেকেও জমায়েত হবে। মাঠ পরিপূর্ণ হয়ে যাবে। নেত্রী কী বার্তা দেন সেদিকে তাকিয়ে আমরা। গোটা বারুইপুর দিদির অপেক্ষায়। শনিবার সভা রয়েছে উলুবেড়িয়াতেও। বৃহস্পতিবার বিকালে আমতা বিধানসভার দীপাঞ্চল ভাটোরায় গিয়ে দেখা গেল সেখানে উৎসাহ চরমে। এক গৃহবধূ বাড়িতে বলছিলেন, আমি ভোর ভোর উঠে রান্না করে পাড়ার দিদিদের সঙ্গে উলুবেড়িয়ায় যাব। দিদি আসছেন। দিদিকে দেখতে যাব, আর দিদির কথা শুনব। কৌতূহলবশত জিজ্ঞাসা করতেই স্থানীয় বাসিন্দা মায়া দর্জির উত্তর, গতবার বিধানসভা নির্বাচনের আগে বাকসি ফুটবল মাঠে দিদি জনসভা করতে এসেছিলেন। দিদি কুলিয়া সেতুর কথা বলে গিয়েছিলেন। সেতুর কাজ শুরু হয়েছে। শনিবার দিদি উলুবেড়িয়ায় আসবেন। দিদিকে ধন্যবাদ জানাতে পাড়ার লোকেদের সঙ্গে উলুবেড়িয়ায় যাব। শুধু মায়া দর্জি নন, নাসিমা বেগম থেকে সুস্মিতা চক্রবর্তী, জোৎস্না বাউড়ি সকলের এক কথা। এবারে বাঁশের সাঁকো উপর দিয়ে কষ্ট করে যাতায়াতের দিন শেষ হবে। বর্ষাকালে বাঁশের সাঁকো ভাঙার আতঙ্ক দূর হবে। শনিবার সকালে ১৬ নং জাতীয় সড়কের পাশে রাজাপুর থানার রঘুদেবপুর নেতাজি সংঘের মাঠে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা করার কথা। সভাস্থল তৈরি করার পাশাপাশি মাঠের একপাশে হেলিপ্যাড হয়েছে। নির্বাচনের আগে এই প্রথম তৃণমূলের প্রথম বড়ো জনসভা হচ্ছে। সেই উপলক্ষ্যে ইতিমধ্যে হাওড়া গ্রামীণ জেলা জুড়ে প্রস্তুতি শুরু হয়েছে। জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, শনিবারের রেকর্ড পরিমাণ কর্মী-সমর্থক জনসভায় যোগ দেবেন। রঘুদেবপুরে তৈরি হেলিপ্যাড। - নিজস্ব চিত্র