নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেখতে দেখতে ভারতীয় রেল ১৭৩ বছরে পা দিল। ১৮৫৩ সালে বোরি বন্দর থেকে থানে পর্যন্ত প্রথম বাষ্পচালিত ইঞ্জিন রেল লাইন ধরে একেবেঁকে চলতে শুরু করেছিল। বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড়ো গণতান্ত্রিক দেশের প্রধান লাইফ-লাইন ভারতীয় রেল। বুধবার ঐতিহাসিক এই দিনটিকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছিল পূর্ব রেল। সংস্থার জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওস্কর এদিন হাওড়া স্টেশনে বিশেষ স্বচ্ছতা সচেতনতা অভিযানের সূচনা করেন। আগামীতে যাত্রীদের আরো দৃষ্টিনন্দন ও সুখকর ট্রেন সফর নিশ্চিত করতে একমাস ব্যাপী এই কর্মসূচি চালাবে রেল। মূল লক্ষ্য স্টেশন, প্ল্যাটফর্ম কিংবা ট্রেনের ভিতরে স্বচ্ছতা বজায় রাখা। এক্ষেত্রে ভারতীয় রেলের কর্মীরা নিজেদের কর্তব্য পালনে সচেষ্ট হবেন। পাশাপাশি যাত্রীসাধারণের থেকেও এই বিষয়ে সহযোগিতা চাইছে রেল কর্তৃপক্ষ।