• একুশের ফল এবার ছাপিয়ে যাবে: মমতা
    বর্তমান | ১৮ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোট ঘোষণার পর এক মাস অতিক্রান্ত। কার্যত রাজ্যজুড়ে নির্বাচনি প্রচার সেরে ফেলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সময়কালে সাধারণ মানুষের যে সাড়া তিনি দেখেছেন, তাতে তৃণমূল নেত্রী আত্মবিশ্বাসী, এবারের বিধানসভা নির্বাচনে দলের ফল খুব ভালো হবে। মমতার কথায়, ২০২১ সালের নির্বাচনে তৃণমূলের যে ফল হয়েছিল, তার থেকেও ভালো হবে এবার। আসন সংখ্যা বাড়বে আমাদের। আর ভবানীপুরে জিতব। ভবানীপুরই বাংলাকে জেতাবে।

    বৃহস্পতিবার নির্বাচনি প্রচারের ফাঁকে একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলাপচারিতায় উঠে আসে বাংলার বর্তমান পরিস্থিতি। তাতে তৃণমূল নেত্রী দৃপ্ত কণ্ঠে বলেছেন, আমি মানুষের ভাষা দেখেছি। তাঁরা জয় বাংলা বলছেন। 

    এসআইআর প্রক্রিয়া অপরিকল্পিত বলে প্রথম দিন থেকেই অভিযোগ করে আসছে তৃণমূল। সাধারণ মানুষকে ভোটের লাইনে দাঁড় করিয়ে বিজেপি ও নির্বাচন কমিশন যে আচরণ করেছে, তার জবাব ওরা পাবেই, বলেছেন প্রত্যয়ী মমতা। তাঁর কথায়, লাইনে দাঁড়িয়েই বাংলার মানুষ বিজেপিকে জবাব দেবেন।

    মমতার সরাসরি অভিযোগ, নির্বাচন কমিশন ছদ্মবেশে মেঘের আড়ালে থেকে খেলছে। ওরা কোনোভাবেই নিরপেক্ষ নয়। অতিরিক্ত বাড়াবাড়ি করছে। এই পর্বে রাজ্যপাল যেভাবে বাংলায় পরিবর্তনের ডাক দিয়েছেন, তাতে বিরক্ত মমতা জবাব, উনি বিজেপি মুখপাত্রর মতো আচরণ করেছেন। 

    কেন্দ্রীয় এজেন্সি থেকে শুরু করে বিরোধী কয়েকটি দলও বিজেপির হাত শক্ত করার কাজ করছে বলেও অভিযোগ মমতার। তিনি বলেন, বিজেপির কাছ টাকা নিয়ে ভোট ভাগাভাগির খেলায় নেমেছে কয়েকটি বিরোধী দল। এমনকি কংগ্রেসের নেতারা বাংলায় ভোট প্রচারে যে ধরনের আচরণ করেছেন, তাতে তীব্র ক্ষুব্ধ মমতা। বলেন, কংগ্রেস আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে রাস্তা খুলে দিয়েছে। এবার তাহলে আমরাও অন্য রাজ্যে কংগ্রেস যেখানে প্রার্থী দেবে, সেখানে পালটা প্রার্থী দেব।

    সংসদে ডিলিমিটেশনের যে বিল পেশ হয়েছে, তার বিরোধিতা তৃণমূল করবে বলে মমতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, মানুষের সঙ্গে আলোচনা না করে ওই বিল আনা হয়েছে। আর রাজ্যে ভোট চলাকালীন মহিলা সংক্রান্ত বিল এনেছে কেন্দ্র। 

    সাধারণ মানুষের কাছে মমতার আবেদন, কোনো কার্ডের নাম করে মহিলাদের কাছে বিজেপি কোনো তথ্য চাইলে দেবেন না। পাশাপাশি মমতার কাছে খবর এসেছে, গণনা অনেক রাত পর্যন্ত চালানো হতে পারে। মধ্যরাত পর্যন্ত নিয়ে যাবে ওরা। কিন্তু আমরা এক ইঞ্চিও জমি ছাড়ব না।
  • Link to this news (বর্তমান)