• নাকা: কলকাতায় উদ্ধার ২৬ লক্ষ ভোটারদের আস্থা বাড়াতে এলাকা পরিদর্শন
    বর্তমান | ১৮ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা, বিধাননগর ও বারাকপুর: খাস কলকাতায় নাকা চেকিংয়ের সময় ২৬ লক্ষ ১৩ হাজার টাকা উদ্ধার করল স্ট্যাটিক সার্ভিলেন্স টিম (এসএসটি)। উত্তর কলকাতার বড়তলা থানা এলাকা থেকে চার লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ টিম। কলকাতার ঠাকুরপুকুর থানার জোকায় গাড়ি থেকে আরও চার লক্ষ টাকা বাজেয়াপ্ত করে এসএসটি। জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র এলাকায় এদিন তিনজনের কাছ থেকে মোট ১৮ লক্ষ ১৩ হাজার টাকা উদ্ধার হয়েছে।  ভোটারদের আস্থা বাড়াতে বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন ‘স্পর্শকাতর’ ভোটগ্রহণ কেন্দ্র, বুথ সহ সংশ্লিষ্ট এলাকায় ঘুরলেন জেলা নির্বাচনি আধিকারিক (উত্তর কলকাতা) স্মিতা পাণ্ডে, অতিরিক্ত পুলিশ কমিশনার (১) ডি পি সিং সহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তিলজলা রোডে ডঃ বি আর আম্বেদকর স্কুল, ধাড়াপাড়া, বড়ো মসজিদের পার্শ্ববর্তী রাস্তা সহ বিভিন্ন অঞ্চল ঘুরে দেখেন তাঁরা। স্মিতা পান্ডে বলেন, আমরা বিভিন্ন এলাকায় ঘুরেছি। মানুষের সঙ্গে কথা বলেছি। ভালো সাড়া পেয়েছি। সবাইকে বলা হয়েছে, ভয়ের কিছু নেই। কোনো সমস্যা হলে হেল্প লাইন নম্বরে ফোন করতে। অন্যদিকে, এদিন স্পর্শকাতর এলাকা পরিদর্শনে যান কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনি আধিকারিক রণধীর কুমার। কলকাতা বন্দরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি। পাঁচটি পার্টের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন জেলা নির্বাচনি আধিকারিক। ভোটারদের মনোবল চাঙা করতে রুট মার্চ করেন জওয়ানরা। পাশাপাশি, এদিন বাগুইআটির বেশ কয়েকটি এলাকায় হেঁটে ঘুরলেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক তথা জেলা নির্বাচনি আধিকারিক শিল্পা গৌরীসারিয়া এবং বিধাননগরের পুলিশ কমিশনার মুরলীধর। তাঁরা ভোটারদের সঙ্গেও সরাসরি কথা বলেন। বাগুইআটির কেষ্টপুর, ঘোষপাড়া, পঞ্চাননতলা প্রভৃতি এলাকায় তাঁরা যান। ওই বসতিগুলি পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাঁরাও স্থানীয় বাসিন্দা ও ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন। এদিন বীজপুরের হাজিনগরে সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন জেলাশাসক শিল্পা গৌরীসারিয়া, পুলিশ কমিশনার অমিতকুমার সিং সহ পুলিশ কর্তারা। নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান তাঁরা। 
  • Link to this news (বর্তমান)