নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার বিধানসভা নির্বাচনে দৃষ্টিহীন ভোটারদের দিকে বিশেষ নজর দিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রাজ্যের যেসব ইভিএমে ভোট নেওয়া হবে সেগুলিতে প্রার্থীর ছবির পাশে ব্রেইল ভাষায় দৃষ্টিহীনদের জন্য কাগজ সাঁটার কাজ শেষ হয়েছে। ওই স্থান স্পর্শ করলেই দৃষ্টিহীন ভোটাররা সাংকেতিক চিহ্নের মাধ্যমে ইভিএমে যুক্ত প্রার্থীদের সম্পর্কে যাবতীয় কিছু বুঝতে পারবেন।
তবে যেসব দৃষ্টিহীন ভোটার ব্রেইল ভাষা জানেন না, তাঁদের ক্ষেত্রে ১৯৫০ সালের জনপ্রতিনিত্ব আইন অনুযায়ী ১৪এমএ ধারা প্রয়োগের মাধ্যমে ভোটাধিকারের ব্যবস্থা করেছে কমিশন। ওই ধারা অনুযায়ী কোনো দৃষ্টিহীন ভোটার, যিনি ব্রেইল পড়তে জানেন না তিনি সঙ্গে একজন সহকারীকে নিয়ে বুথের ভিতর ঢুকতে পারবেন। এরপর প্রিসাইডিং অফিসারকে আবেদন করতে হবে। অনুমতি মেলার পর তাঁর ওই সহকারী তাঁর হয়ে ভোট দেবেন। ১৯৫০ সালের জনপ্রতিনিত্ব আইনের এই ধারাকে কঠোরভাবে পালনের নির্দেশ দিয়েছে কমিশন। রাজনৈতিক দলের তরফে যাঁরা এজেন্ট নিযুক্ত হবেন, বিষয়টি তাঁদের অবগত করানো হবে আগে থেকেই, যাতে ভোটদান চলাকালে কোনোরকম বিপত্তির সৃষ্টি না-হয়।