• ক্যানিং থেকে কাকদ্বীপ, বৃষ্টি উপেক্ষা করেই প্রচার সারলেন তৃণমূল প্রার্থীরা
    বর্তমান | ১৮ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও সংবাদদাতা, কাকদ্বীপ: সকালটা ছিল মেঘলা। ছিল দুর্যোগের পূর্বাভাস। কিন্তু সামনে ভোট। তাই এক বেলাও নষ্ট করা যাবে না। মেঘাচ্ছন্ন আকাশ মাথায় নিয়েই প্রচারে বেরিয়ে পড়েন ক্যানিং পশ্চিমের তৃণমূলের প্রার্থী পরেশরাম দাস। তবে তাঁর বাড়ি বাড়ি জনসংযোগের কর্মসূচি শুরু হতেই মুষলধারে বৃষ্টি নামে। সঙ্গে পড়ছিল শিলাও। তবুও নিরাপদ আশ্রয়ের সন্ধান না করে, বৃষ্টিতে ভিজে ভিজেই ভোটারদের দরজায় পৌঁছে যান তিনি।এত দুর্যোগে মধ্যেও এদিন প্রার্থীকে ঘিরে মহিলাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। কেউ এগিয়ে এলেন বরণ করতে, কেউ উলুধ্বনি দিয়ে স্বাগত জানালেন তাঁকে। প্রার্থী এক নন, দলীয় কর্মী, সমর্থকরাও তাঁর সঙ্গে ভিজে ভিজে ঘুরলেন এপাড়া থেকে ওপাড়া। পরেশবাবুর বক্তব্য, যতই হোক প্রাকৃতিক দুর্যোগ, মানুষের আশীর্বাদ আমার অনুপ্রেরণা। তবে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রশান্ত বায়েন দুর্যোগ কাটার পর টোটো করে এলাকা পরিক্রমা করেন।

    এদিনই কুলপি বিধানসভার রামকিশোরপুর গ্রাম পঞ্চায়েতে প্রচার সারেন তৃণমূল প্রার্থী বর্ণালী ধাড়া। তিনি পায়ে হেঁটে কয়েক কিলোমিটার পথে প্রচার  করেন। এলাকাবাসীরা তাঁকে স্বাগত জানান। তিনি বলেন, রাজ্য সরকারের মানবিক প্রকল্পগুলির কারণে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে ফেলেছেন। তাই নতুন মুখ হলেও আমাকেও তাঁরা কাছে টেনে নিয়েছেন।

    এই আসনের আইএসএফের প্রার্থী আব্দুল মালেক মোল্লাও এদিন বাবুরমহল এলাকায় হেঁটে প্রতিটি বাড়িতে গিয়ে জনসংযোগ করেন। কুলপির বিজেপি প্রার্থী অবনী নস্কর রামকৃষ্ণপুরে একটি কালী মন্দিরে প্রণাম করে প্রচার শুরু করেন। গ্রামবাসীদের পাশাপাশি এদিন তিনি বাজারের প্রতিটি দোকানের ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন।

    ডায়মন্ডহারবারের তৃণমূল প্রার্থী পান্নালাল হালদারের সমর্থনে এদিন বাইক মিছিল করেন পর্যবেক্ষক তথা মগরাহাট পশ্চিমের তৃণমূল প্রার্থী শামিম আহমেদ। এদিন ডায়মন্ডহারবার ২ নম্বর ব্লকে নুরপুর বাস স্ট্যান্ড থেকে পাতড়া নতুন হাট মোড় পর্যন্ত কয়েকশো বাইক নিয়ে এলাকা পরিক্রমা করেন তিনি। আর মহেশতলা পুরসভা এলাকায় জমা জলের মধ্যেই প্রচার সারেন সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। প্রচারে এদিন অন্য রূপে পাওয়া গেল সোনারপুর উত্তরের তৃণমূল প্রার্থী ফিরদৌসি বেগমকে। 

    রাজপুর সোনারপুর পুরসভার তিন নম্বর ওয়ার্ডে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে জনসংযোগ কর্মসূচি নিয়েছিলেন তিনি। পাড়ার মধ্যে যাওয়ার সময় মহিলাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অনেকের শিশুদের কোলে নিয়ে আদর করতেও দেখা যায় প্রার্থীকে।
  • Link to this news (বর্তমান)