• রাহুল গান্ধী ব্রিটিশ নাগরিক? FIR করার নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের
    এই সময় | ১৮ এপ্রিল ২০২৬
  • ভারতীয় হওয়ার পাশাপাশি ব্রিটিশ-ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুক্রবার দ্বৈত নাগরিকত্ব রাখার অভিযোগে তাঁর বিরুদ্ধে FIR দায়ের করার নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চ। কর্নাটকের BJP নেতা বিঘ্নেশ শিশিরের দায়ের করা এক পিটিশনের প্রেক্ষিতে উত্তরপ্রদেশের রায়বেরিলি জেলার কোতোয়ালি থানাকে এই মামলা রুজু করার নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার মামলাকারী নিজেই সোশ্যাল মিডিয়ায় আদালতের এই রায়ের কথা জানিয়েছেন।

    BJP নেতা বিঘ্নেশ শিশির এই রায়কে ‘ঐতিহাসিক’ বলেছেন। তাঁর দাবি, রাহুল গান্ধী ব্রিটেনের নাগরিক এবং সেই সংক্রান্ত নথি ও ইমেল রয়েছে তাঁর কাছে। আদালত কক্ষ থেকে বেরিয়ে বিঘ্নেশ জানান, জাতীয় নিরাপত্তা এবং জনস্বার্থের কথা মাথায় রেখেই আদালত এই রায় দিয়েছে। তিনি আরও দাবি করেন, এই মামলার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কিছু ‘টপ সিক্রেট’ ফাইল হাইকোর্টের কাছে পেশ করার অনুমতি দিয়েছে।

    তাঁর আরও দাবি, রাহুল গান্ধী যেহেতু ব্রিটেনের নাগরিক, তাই ভারতের কোনও নির্বাচনে লড়ার যোগ্যতা নেই তাঁর। এর আগেও এই বিষয়টি নিয়ে একাধিকবার জলঘোলা হয়েছে। তবে এ বার সরাসরি হাইকোর্ট FIR দায়ের করার নির্দেশ দেওয়ায় রাহুল গান্ধীর সাংসদ পদ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

    আদালতের এই নির্দেশ নিয়ে রাহুল গান্ধী বা কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক মহলের মতে, ২০২৬-এর এই আইনি লড়াই রাহুলের রাজনৈতিক কেরিয়ারে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

  • Link to this news (এই সময়)