Big Breaking: নাকা চেকিংয়ে বাজেয়াপ্ত ১ কোটি টাকা। তমলুক থানার নিকাশি বাজার এলাকায় শুক্রবার সন্ধ্যার ঘটনা। বিধানসভা ভোটের আগে এলাকায় চলছিল নাকা চেকিং। সেই সময়েই নিকাশি বাজার এলাকায় একটি ব্যক্তিগত গাড়ি থেকে এই নগদ উদ্ধার হয়।
তমলুক থানার নিকাশি বাজারে নাকা চেকিংয়ে উদ্ধার এক কোটি টাকা। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে তমলুকের নিকাশি বাজার এলাকায়। সামনেই বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচন এর প্রাক্কালে রাস্তায় রাস্তায় CISF এর নাকা চেকিং চলছে। শুক্রবার তমলুকের নিকাশি বাজারের কাছে একটি প্রাইভেট গাড়ি থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়।
সূত্রের খবর, গাড়ির মধ্যে থাকা দুই ব্যক্তি নিজেদের ব্যাঙ্ককর্মী বলে পরিচয় দেয়। তাঁদের দাবি, এই টাকা তমলুক ঘাটাল কো-অপারেটিভ ব্যাঙ্কের। ওই দুই ব্যক্তির নিজেদের আই কার্ড দেখালেও টাকার কোনও হিসাব দেখাতে পারেননি। টাকা বাজেয়াপ্ত করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর তরফে। ঘটনাটির কথা জানতে পেরে তমলুক ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান ও আরও একাধিক আধিকারিক ঘটনাস্থলে পৌঁছন। তাঁরা বিভিন্ন কাগজ দেখালেও সঠিক প্রমাণপত্র না দেখাতে পারায় টাকা বাজেয়াপ্ত করা রয়েছে।
তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান গোপাল চন্দ্র মাইতি বলেন, ‘নন্দকুমারের শাখা থেকে টাকা এসে ভবলপুর কৃষি সমবায়ের দিকে যাচ্ছিল। ব্যাঙ্ক থেকে টাকা সমিতিতে যাবে, কৃষক সদস্যদের ঋণ দেওয়া হবে। সেটা দেখে আটকাচ্ছে। এই ব্যাঙ্কের টাকা প্রতি বছর এ ভাবেই আনা হয়, দাদন দেওয়ার জন্য। আমাদের সব কাগজ আছে। প্রতি বছর এই ব্যাঙ্ক থেকে ৬০০ কোটির ঋণ দেওয়া হয়।’