• বিজেপি কর্মীদের মারধরের প্রতিবাদে রাতভর ধর্না প্রার্থীর, লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর
    এই সময় | ১৮ এপ্রিল ২০২৬
  • বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। বৃহস্পতিবার রাতভর বিজেপি কর্মীদের ধর্না সাঁকরাইল থানার সামনে। থানার সামনে ধর্না চলাকালীন কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে বলে অভিযোগ। শুক্রবার সকালে নির্বাচন কমিশন দ্বারা নিযুক্ত পুলিশ অবজ়ার্ভার রোহিত মালপানির আশ্বাসে ধর্না প্রত্যাহার করেন বিজেপি প্রার্থী রাজেশ মাহাতো।

    বৃহস্পতিবার সকালে সাঁকরাইল ব্লকের ধানঘোরী গ্রাম পঞ্চায়েতের মুড়াকাটি গ্রামে বিজেপির কর্মী সমর্থকরা দলীয় পতাকা বাঁধছিলেন। সেই সময়ে তৃণমূলের স্থানীয় কর্মী, সমর্থকরা তাঁদের উপরে চড়াও হয় এবং মারধর করে বলে অভিযোগ। ঘটনায় মনোজ মাহাতো নামের এক বিজেপি কর্মী আহত হলে তাঁকে ভাঙাগড় গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়।

    এই ঘটনায় সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ হওয়ার পরও পুলিশ পদক্ষেপ না করায় অভিযোগ তুলে রাতেই কর্মী সমর্থকদের নিয়ে থানার বাইরে টায়ার জ্বালিয়ে ধর্নায় বসেন বিজেপি প্রার্থী রাজেশ মাহাতো।

    BJP প্রার্থী রাজেশ বলেন, ‘আমাদের কর্মীদের উপর মারধরের প্রতিবাদে দোষীদের গ্রেপ্তারের দাবিতে শান্তিপূর্ণ ভাবেই থানার বাইরে ধর্নায় বসে ছিলাম। সাঁকরাইল থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে ভুল তথ্য দিয়ে আমাদের উপর লাঠিচার্জ করিয়েছে। যে অফিসার এই ঘটনার সঙ্গে জড়িত তাঁকে সাসপেন্ড করতে হবে। থানায় এবং নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি। পুলিশি অবজার্ভারের আশ্বাসের ধর্না প্রত্যাহার করা হয়েছে।’

    পুলিশ সুপার মানব সিংলা বলেন, ‘থানার গেটের বাইরে ,রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে ধর্না প্রদর্শন করছিল। রাস্তা ছেড়ে দেওয়ার জন্য জানানো হলে তাঁরা উঠতে অস্বীকার করে। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তাঁদেরকে সেখান থেকে সরিয়ে দেয়। কোনও লাঠিচার্জ করা হয়নি।’

  • Link to this news (এই সময়)