কালবৈশাখীর দাপটে লণ্ডভণ্ড বাগদা ভাঙল ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত ফসল
বর্তমান | ১৮ এপ্রিল ২০২৬
সংবাদদাতা, বনগাঁ: কালবৈশাখীর দাপটে লণ্ডভণ্ড বাগদা ব্লকের বয়রা পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম। ঝড়ের তাণ্ডবে একাধিক বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে। কয়েকশো গাছ ভেঙে পড়েছে। লণ্ডভণ্ড ফসলের খেত। ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঝড়ে গাছ ভেঙে দু’জন জখম হয়েছেন। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ কালবৈশাখীর তাণ্ডব শুরু হয়। কালো মেঘে ঢেকে গিয়ে এলাকায় অন্ধকার নেমে আসে। শুরু হয় ঝড়, সঙ্গে শিলাবৃষ্টি। বয়রা পঞ্চায়েতের রামনগর, মেহেরানি, মামাভাগিনা, কুরুলিয়া, বাকসা-সহ বেশ কয়েকটি গ্রামে কয়েকশো গাছ ভেঙে পড়ে। রাস্তার উপর গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত হয়। ঝড়ে কয়েকটি গ্রামের প্রায় ২০টি বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে। এদিন ঝড়ে রামনগরের বাসিন্দা প্রীতি বিশ্বাসের রান্নাঘরের উপর বিরাট এক গাছ ভেঙে পড়ে। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন তিনি। প্রীতিদেবী বলেন, দুপুরে রান্না করছিলাম। ঝড়ের দাপট এতটাই ছিল যে ভয় পেয়ে যাই। দৌড়ে পাকা ঘরে চলে যাই। ঠিক তারপরই বিশাল একটি গাছ রান্নাঘরের উপর ভেঙে পড়ে। নিজস্ব চিত্র
Link to this news (বর্তমান)