• ভোটের আগে মাতৃ শক্তি ভরসা কার্ড-র ফর্ম ফিল আপ, শুরু বিতর্ক
    এই সময় | ১৮ এপ্রিল ২০২৬
  • রাজ্যে সরকার গঠন করলেই মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে ৩ হাজার করে টাকা। ঘোষণা করেছে বিজেপি। আর এখন থেকেই ওই প্রকল্পে টাকা দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করছেন বিজেপি কর্মীরা বলে অভিযোগ। এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে হাওড়ায়। তৃণমূল কংগ্রেসের দাবি, মহিলাদের প্রভাবিত করার চেষ্টা করছে বিজেপি (BJP)। এই নিয়ে অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে।

    মহিলাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) চালু করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার। আগে প্রতি মাসে মহিলাদের দেওয়া হতো এক হাজার টাকা করে । ভোটের আগে সেই টাকা বাড়িয়ে দেড় হাজার টাকা করা হয়।এর পরে লক্ষ্মীর ভাণ্ডারের (Laxmir Bhandar) পাল্টা ঘোষণা করে বিজেপি। ক্ষমতায় এলে তিন হাজার টাকা করে প্রতি মাসে মহিলাদের দেবার কথা ঘোষণা করা হয়।

    আর, এই টাকা দেওয়ার জন্য এখন থেকেই ‘মাতৃ শক্তি ভরসা কার্ড’-র ফর্ম ফিল আপ করছে বিজেপি। শুক্রবার, সকাল থেকেই মধ্য হাওড়ার (Howrah) রামকৃষ্ণপুর ঘাটের কাছে ক্যাম্প করে চলে ফর্ম ফিল আপের কাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ছবি দেওয়া এই ফর্ম নিতে ভিড় করছেন মহিলারা।

    তৃণমূল মনে করছে, এ ভাবে মহিলা ভোটারদের প্রভাবিত করছে বিজেপি। এর মাধ্যমে নির্বাচন বিধি লঙ্ঘন করা হচ্ছে বলেও অভিযোগ তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতাদের। এই নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল।

    যদিও বিজেপি কর্মীদের দাবি, তাঁরা ঠিক কাজ করছেন। এই কাজে খুশি এলাকার মহিলারাও বলে জানিয়েছেন তাঁরা। এলাকার বিজেপি নেত্রী সূচি সাউ জানিয়েছেন, এই ফর্ম ফিল করার সঙ্গেই বিজেপি প্রার্থীকে ভোট দেবার কথা বলছেন তাঁরা।

    জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের কাছে অভিযোগ পেয়ে তা খতিয়ে দেখতে গিয়েছিল জেলা নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড। তবে কোনও পদক্ষেপ করা হবে কি না তা নিয়ে এখনও কিছু জানানো হয়নি প্রশাসনের তরফে।

    প্রসঙ্গত, দিন কয়েক আগেই, সোনারপুরে  অন্নপূর্ণা ভাণ্ডারের নাম করে ফর্ম ফিল আপের মাধ্যমে মহিলাদের টাকা দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করে তৃণমূল কংগ্রেস। ওই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন এলাকার বিজেপির নেতারা।

  • Link to this news (এই সময়)