• এয়ার ইন্ডিয়ার পাইলটের ব্যাগ থেকে উদ্ধার গাজা! অভিযুক্তকে ভারতে ফেরত পাঠাল আমেরিকা
    প্রতিদিন | ১৮ এপ্রিল ২০২৬
  • এয়ার ইন্ডিয়ার সহকারি পাইলটের ব্যাগ থেকে উদ্ধার গাঁজা! আমেরিকার সান ফ্রান্সিসকোয় বিমানবন্দরে রুটিন তল্লাশির সময় পাইলটের ব্যাগ থেকে তা বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়েছে। আমেরিকা থেকে বহিষ্কার করে ভারতে ফেরত পাঠানো হয়েছে ওই পাইলটকে।

    জানা যাচ্ছে, এই ঘটনা ঘটে গত ১৪ এপ্রিল। ওই পাইলট দিল্লি থেকে সান ফ্রান্সিসকোগামী একটি ফ্লাইটের যাত্রীবাহী কেবিনে ছিলেন। ওই বিমানটিকেই দিল্লিতে ফিরিয়ে আনার দায়িত্ব ছিল তাঁর উপর। বিমান চালনার পরিভাষায় এই প্রক্রিয়াটিকে ‘পজিশনিং’ বলা হয়। অর্থাৎ, ডিউটিতেই ছিলেন ওই পাইলট। সংবাদমাধ্যম সূত্রের খবর, বিমানটি সান ফ্রান্সিসকোতে পৌঁছানোর পর মার্কিন আধিকারিকরা তল্লাশি চালানোর সময় পাইলটের ব্যাগে গাজা খুঁজে পান। তৎক্ষণাৎ তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়। পরের বিমানেই ভারতে ফেরত পাঠানো হয় তাঁকে।

    এয়ার ইন্ডিয়ার তরফে বিষয়টি ডিজিসিকে জানানো হয়েছে। গোটা ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে বলা হয়েছে, ওই পাইলট বৃহস্পতিবারই দিল্লিতে ফিরে গিয়েছেন। পাশাপাশি অভিযুক্ত পাইলটের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে বিমান সংস্থা জানিয়েছে, ‘আমাদের একজন ক্রু সদস্য, যিনি ১৪ই এপ্রিল দিল্লি থেকে সান ফ্রান্সিসকো যাচ্ছিলেন এবং পরবর্তী ফ্লাইটটি পরিচালনা করার কথা ছিল। তবে তিনি ওই বিমান পরিচালনায় ‘অযোগ্য’ বলে বিবেচিত হওয়ায় তাঁকে ভারতে ফেরত পাঠানো হয়েছে।’

    এরপরই হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ‘যে কোনও রকম আইন লঙ্ঘনে এয়ার ইন্ডিয়া জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। আমরা নিরাপত্তা, নিয়মলঙ্ঘন ও অপেশাদার আচরণ একেবারেই সহ্য করি না। সংস্থার আইন অনুযায়ী এই বিষয়ে যথাযথ ও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তা নিশ্চিত করাই সর্বদা এয়ার ইন্ডিয়ার সর্বোচ্চ অগ্রাধিকার।’
  • Link to this news (প্রতিদিন)