নবদ্বীপে এক অজ্ঞাতপরিচয়ের মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পূর্ব রেলের ব্যান্ডেল-কাটোয়া শাখার বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনের আপ প্ল্যাটফর্মের কাছে শনিবার সকালের ঘটনা। সূত্রের খবর, ওই মহিলার দেহ বিবস্ত্র অবস্থায় প্ল্যাটফর্মের ধারে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানা ও রেল পুলিশ। তারা দেহ উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন ওই মহিলাকে। ঠিক কী কারণে ঘটনাটি ঘটেছে, তা জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর, যে এলাকা থেকে ওই মহিলার দেহ উদ্ধার হয়েছে, সেখানে একটি মদের দোকান রয়েছে। শনিবার সকালে স্থানীয়রাই প্রথমে দেহ দেখতে পান। তাঁরাই খবর দেন পুলিশে। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার বয়স আনুমানিক ৪০ থেকে ৪২ বছর। তাঁর নাম, পরিচয় জানতে মহিলার ছবি নদিয়া, বর্ধমান ও আশেপাশের জেলাগুলির পুলিশের কন্ট্রোল রুমে পাঠানো হয়েছে। একই সঙ্গে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এ দিন খবর পেয়ে ঘটনাস্থলে যান নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী। এ দিন তিনি নাম না করে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন, ‘এই তো নবদ্বীপের শান্তির ছবি। এর আগেও এখানে এই ধরনের একাধিক ঘটনা ঘটেছে। তার পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়না।’ বিজেপি প্রার্থীর সন্দেহ, ওই মহিলাকে অন্যত্র খুন করে বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনের কাছে ফেলে দিয়ে যাওয়া হয়।
স্থানীয় বাসিন্দা দেবাশিষ ঘোষ বলেন, ‘সকালে চা খেতে এসে ঘটনার কথা জানতে পারি। ওই মহিলা এই এলাকার বাসিন্দা নন। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে গেছে।’