• মেয়ের ধর্ষককে খুন করে দেহ লোপাটের চেষ্টা
    বর্তমান | ১৮ এপ্রিল ২০২৬
  • ইন্দোর: বাড়ির মেয়ের উপর যৌন নির্যাতন। জেল হলেও জামিন পেয়ে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছিল অভিযুক্ত যুবক। তা মেনে নিতে পারেননি নির্যাতিতার পরিবার। অবশেষে অভিযুক্ত ২৪ বছরের যুবককে অপহরণ করে খুন। তারপর বিবস্ত্র করে মৃতদেহ কুয়োয় ফেলে দেওয়ার অভিযোগ উঠল মধ্যপ্রদেশের নর্মদাপুরমে। এমনকি ওই যুবকের চোখ উপড়ে নেওয়া হয় বলেও পুলিশ সূত্রে খবর। এখানেই শেষ নয়। খুনের পর পরিবারের সকলে দিনতিনেক এলাকারই একটি মন্দিরে গিয়ে গা-ঢাকা দিয়ে বসেছিলেন। অবশেষে মৃত যুবকের দাদার অভিযোগের ভিত্তিতে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে।  পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে, মৃত যুবকের নাম বিশ্বাস গুর্জর ওরফে ছোটু। সম্প্রতি হামলাকারী পরিবারের এক তরুণীকে অপহরণ করে ধর্ষণ করে বিশ্বাস। তাকে গ্রেপ্তারও করা হয়েছিল। যদিও আদালতের নির্দেশে বর্তমানে সে জামিনে মুক্তি পায়। নির্যাতিতার পরিবারের অভিযোগ, জেল থেকে বেরোনোর পর বিশ্বাস লাগাতার তাঁদের হুমকি দিয়ে যাচ্ছিল। সেই ক্ষোভেই সুযোগ বুঝে তাকে অপহরণ করে নির্যাতিতার পরিবার।
  • Link to this news (বর্তমান)