• মা কালীর রং কালো, হিন্দুত্বের রক্ষকরা ভুলে গেলেন! মোদিকে তোপ কানিমোঝির
    বর্তমান | ১৮ এপ্রিল ২০২৬
  • নয়াদিল্লি: ‘অবাক হলাম। তথাকথিত হিন্দুত্বের রক্ষকরা মা কালীকেই ভুলে গেলেন! তিনিও কালো।’ পরনে কালো শাড়ি। শুক্রবার সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘কালা টিকা’ খোঁচার জবাবে এভাবেই আক্রমণ শানালেন ডিএমকে সাংসদ কানিমোঝি। নারী ক্ষমতায়নের দামামা বাজানো মোদি-শাহদের বুঝিয়ে দিলেন কালো রং শুধুই অশুভ শক্তির নজর এড়ানোর হাতিয়ার নয়, তা নারীশক্তির প্রতীক।

    মহিলা সংরক্ষণ সংশোধনী বিল নিয়ে উত্তাল সংসদ। এই বিলের বিরোধিতা জানিয়ে বৃহস্পতিবার কালো পোশাক পরে সংসদে এসেছিলেন ডিএমকে সাংসদরা। তাঁদের দাবি, এই বিলের মাধ্যমে দক্ষিণ ভারতকে বঞ্চনা করা হচ্ছে। কারণ সংসদে দক্ষিণ ভারতের প্রতিনিধিত্ব কমে যাবে। এনিয়েই প্রধানমন্ত্রী কটাক্ষ করে জানান, আসলে তাঁরা সরকারের শুভ কাজে ‘কালা টিকা’ পরিয়ে দিয়েছেন। যাতে কারও কোনো অশুভ নজর না লাগে। শুক্রবার সংসদে তার জবাব দিলেন কানিমোঝি। মা কালীর পাশাপাশি দ্রাবিড় রাজনীতির স্থপতি পেরিয়ারের প্রসঙ্গও টানেন তিনি। সাংসদ বলেন, ‘এই রং পেরিয়ারের রং। যিনি আমাদের আত্মসম্মান শিখিয়েছেন। মাথা নত না করে শেষপর্যন্ত লড়াই করতে শিখিয়েছেন।’ ছবি: পিটিআই
  • Link to this news (বর্তমান)