• ছোটো পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য উপাচার্যের, প্রতিবাদে সরব পড়ুয়ারা
    বর্তমান | ১৮ এপ্রিল ২০২৬
  • তিরুচিরাপল্লি: ‘মেয়েদের ছোটো পোশাক পরা উচিত নয়। এতে অন্যান্য পড়ুয়া ও অধ্যাপকরা বিব্রত হন। ছোটো পোশাক পরার জেরেই যৌন হেনস্তা সহ একাধিক যৌন অপরাধমূলক ঘটনা ঘটে।’ ১৫ এপ্রিল এক অনুষ্ঠানে এমনই বেফাঁস মন্তব্য করে বসেন তামিলনাড়ু ন্যাশনাল ল ইউনিভার্সিটির উপাচার্য ভি নাগরাজ। তারপর থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা ক্রমবর্ধমান। অবিলম্বে উপাচার্যের ক্ষমা চাওয়ার দাবিতে সরব হয়েছে পড়ুয়ারা। বৃহস্পতিবার রাতে ক্যাম্পাসে রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা। প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে দিতে তাঁদের একটাই বক্তব্য, ‘পোশাক নয়, এই ধরনের মানসিকতাকে দোষ দিন।’ পরিস্থিতি বেগতিক দেখে ইতিমধ্যে ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন বিশ্ববিদ্যালয়ের এক বর্ষীয়ান আধিকারিক। তাঁর কথায়, ‘উপাচার্য আসলে বাবার মতো করে উপদেশ দিয়েছেন। প্রতিষ্ঠানের ভাবমূর্তির কথা ভেবেই একথা বলেছেন তিনি।’ চাপে পড়ে মুখ খুলেছেন উপাচার্যও। ভি নাগরাজ বলেন, ‘আমার বক্তব্যকে অন্যভাবে পেশ করা হয়েছে। আমি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নিয়ে কথা বলেছিলাম। এটি আমার ব্যক্তিগত মতামত। আমি বলতে চেয়েছিলাম, বিশ্ববিদ্যালয়ের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে যথাযথ পোশাক-পরিচ্ছদ একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু সেই কথার ভুল মানে করা হয়েছে।’
  • Link to this news (বর্তমান)