• ক্ষমতায় এলে বুলডোজার চালিয়ে দোকান ভাঙা হবে, হুমকি বিজেপি নেতার
    বর্তমান | ১৮ এপ্রিল ২০২৬
  • সংবাদদাতা, নাগরাকাটা: ‘বিজেপি ক্ষমতায় এলে বুলডোজার চালিয়ে দোকান ভেঙে ফেলা হবে।’ নাগরাকাটার লুকসান মোড়ে পথসভায় তিলক বাহাদুর ছেত্রী নামে এক বিজেপি এমন মন্তব্যের জেরে ক্ষিপ্ত স্থানীয় ব্যবসায়ীরা শুক্রবার সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানান।

    গত বৃহস্পতিবার লুকসান মোড়ে বিজেপির প্রার্থী পুণা ভেংরার সমর্থনে পথসভার আয়োজন করে বিজেপি। সেখানে বিজেপি নেতা অমরনাথ ঝা, অরুণ ওয়াইবা সহ অন্য নেতারা ভাষণ দেন। সেই সময় স্থানীয় বিজেপি গ্রামীণ নেতা তিলক বাহাদুর ছেত্রী বক্তৃতা দেওয়ার সময় বলেন, বিজেপি ক্ষমতায় এলে এখানকার দোকান বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হবে। এরপরই ব্যাবসায়ীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। এদিন সকাল থেকে ওই ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানান। দুপুরে ওই বিজেপি নেতা লুকসান মোড়ে এসে ব্যবসায়ীদের সামনে ক্ষমা চান। তারপর ব্যবসায়ীরা দোকানপাট খোলেন।

    লুকসান মোড় ব্যবসায়ী সমিতির সম্পাদক মিন্টু গোস্বামী বলেন, আমার দোকানের সামনে এসে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন গ্রামীণ নেতা হিসেবে পরিচিত তিলক বাহাদুর ছেত্রী। আমরা ভীষণ চিন্তায় রয়েছি। লুকসান মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি মহাবীর প্রসাদ বলেন, আমরা ব্যবসা করি, কিন্তু কোনোদিন এভাবে হুমকির মুখে পড়তে হয়নি। বুলডোজার চালানোর কথা বলার পর আমরা ভীষণ আতঙ্কে আছি। এজন্যই দোকান বন্ধ রেখে ধর্মঘট পালন করি। 

    এনিয়ে ওই বিজেপি নেতা বলেন, ওখানে একটা দুর্ঘটনায় আমার বোন মারা যায়। তাই ভাষণে আমি বলে দিয়েছিলাম বিজেপি ক্ষমতায় এলে বুলডোজার চালিয়ে রাস্তার একাংশ দখল করে রাখা দোকানগুলি ভেঙে দেবে। এদিন ওরা দোকান বন্ধ রেখেছিল। ঘটনাস্থলে গিয়ে ক্ষমা চেয়ে এসেছি। তৃণমূলের ব্লক সভাপতি প্রেম ছেত্রীর মন্তব্য, বুলডোজার চালিয়ে দোকান ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছে, এটা মানা যায় না। ওই বিজেপি নেতার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা আশাবাদী, ব্যবসায়ীরা বুঝেশুনে তাঁদের মূল্যবান ভোট সঠিক জায়গায় দেবেন। 

    অন্যদিকে, বিজেপির নাগরাকাটা-১ মণ্ডল সভাপতি তন্ময় নার্জিনারি বলেন, ওই নেতা ঠিক কী বলেছিলেন জানা নেই। আমরা খোঁজখবর নিচ্ছি।
  • Link to this news (বর্তমান)