• ভোটের প্রচারে টয় ট্রেনের নাম বদলে ডেমোক্রেসি এক্সপ্রেস!
    বর্তমান | ১৮ এপ্রিল ২০২৬
  • সংবাদদাতা, শিলিগুড়ি: হেরিটেজ টয় ট্রেনের নাম বদলে গেল। শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী ট্রেনের নাম রাখা হল ‘ডেমোক্রেসি এক্সপ্রেস’। বাস্তব হলেও এই নাম পরিবর্তন স্থায়ী নয়।

    ভোটদানে মানুষকে উৎসাহিত করতে দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে (ডিএইচআর) প্রচার সঙ্গী করেছে নির্বাচন কমিশন। তারই অঙ্গ হিসেবে হেরিটেজ টয় ট্রেনে শুক্রবার দার্জিলিং থেকে বাতাসিয়া লুপ পর্যন্ত মানুষকে ভোটদানে উৎসাহিত করতে বিশেষ প্রচার চালানো হয়। সুসজ্জিত টয় ট্রেনে পর্যটকদের সঙ্গে নির্বাচন কমিশনের সুদৃশ্য ট্যাবলো নিয়ে স্থানীয় মানুষের মধ্যে এই প্রচার চালানো হয়। যা দেখে পর্যটকরাও খুশি। এই উপলক্ষে এদিন টয় ট্রেনটির নাম রাখা হয়েছিল ডেমোক্রেসি এক্সপ্রেস।

    আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন উপলক্ষে ভোটারদের সচেতন করতে ডিএইচআর ও জেলা নির্বাচন দপ্তর যৌথভাবে এই বিশেষ কর্মসূচির আয়োজন করে। ডিএইচআর অধিকর্তা ঋষভ চৌধুরি বলেন, এই কর্মসূচির লক্ষ্য ছিল সকল মানুষের মধ্যে ভোটের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং সবাইকে ভোট দিতে উৎসাহিত করা। এই অনুষ্ঠান এদিন সকাল ১০টা ৪৫ মিনিটে দার্জিলিং রেল স্টেশনে শুরু হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও রেল কর্তৃপক্ষ উপস্থিত ছিল। অতিথিদের খাদা পরিয়ে এবং প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। সেখানে শেরপা দলের সাংস্কৃতিক নৃত্য পরিবেশন করা হয়, যা স্থানীয় সংস্কৃতি ও নাগরিক দায়িত্বের বার্তা তুলে ধরে। এছাড়া একটি বড়ো সিগনেচার ক্যাম্পেইনও করা হয়। যেখানে সাধারণ মানুষ ও কর্মকর্তারা সচেতনভাবে ভোট দেওয়ার অঙ্গীকার করেন।

    এই কর্মসূচির প্রধান আকর্ষণ ছিল ‘ডেমোক্রেসি এক্সপ্রেস’ নামে একটি বিশেষ টয় ট্রেন চালু করা। ট্রেনটি দার্জিলিং স্টেশন থেকে বাতাসিয়া লুপ পর্যন্ত যায় এবং পথ চলতে চলতে ভোট সচেতনতার বার্তা ছড়ায়। ঐতিহ্যবাহী টয় ট্রেনকে ব্যবহার করে এই উদ্যোগ স্থানীয় মানুষ ও পর্যটকদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করে।
  • Link to this news (বর্তমান)