• বিচ্ছিন্নতাবাদী কেএলও নেতা জীবন সিংহ বিজেপিকে ভোট দিতে বলায় বিতর্ক তুঙ্গে
    বর্তমান | ১৮ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি ও সংবাদদাতা, ধূপগুড়ি:  বিচ্ছিন্নতাবাদী কেএলও নেতা জীবন সিংহ ভিডিয়ো বার্তায় বিজেপিকে ভোট দিতে বলায় বিতর্ক তুঙ্গে।

    উত্তরবঙ্গে পায়ের তলার মাটি আলগা হয়ে যাওয়ায় নিষিদ্ধ সংগঠনের নেতাকে ‘ঢাল’ করে এখন বিজেপিকে ভোট চাইতে হচ্ছে হচ্ছে বলে তোপ দেগেছে তৃণমূল কংগ্রেস। এদিকে, জীবন সিংহের বার্তা নিয়ে তাঁর গোষ্ঠীর অন্দরেই দেখা দিয়েছে তীব্র মতবিরোধ। ভোটের ময়দানে লড়াই করতে উত্তরের অনেক আসনে আলাদাভাবে প্রার্থী দিয়েছে জীবন সিংহের দল কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল (কেএসডিসি)। ওই প্রার্থীদের বেশিরভাগই বিজেপিকে সমর্থনের প্রস্তাব মেনে নিতে নারাজ। জীবন সিংহের ভিডিয়ো বার্তা প্রকাশ্যে আসার পর শুক্রবার তাঁরা সাফ জানিয়ে দিয়েছেন, কাউকে সমর্থন নয়, নিজেদের মতো করেই ভোটে লড়বেন তাঁরা। কেএসডিসি শিবিরের এই মন্তব্যে স্পষ্ট, অনুগামীদের উপর কেএলও প্রধান জীবন সিংহের আর রাশ নেই। সবমিলিয়ে জলঘোলা শুরু হতেই এখন মেপে পা ফেলতে চাইছে পদ্ম শিবির। 

    বিজেপির রাজ্য সহ সভাপতি তথা দলের ফালাকাটার প্রার্থী দীপক বর্মনের মন্তব্য, জীবন সিংহ আত্মসমর্পণ করেছেন। ফলে তাঁকে এখন বিচ্ছিন্নতাবাদী বা ‘জঙ্গি নেতা’ বলা যাবে না। তাছাড়া তিনি যে আবেদন করেছেন, তা তাঁর গোষ্ঠীর লোকজন শুনবেন নাকি শুনবেন না, সেটা নিয়ে আমাদের বলার কী আছে। 

    এদিন প্রকাশ্যে আসা ভিডিয়ো বার্তায় জীবনকে বলতে শোনা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত শক্ত করতে ২৩ এপ্রিল বিজেপি প্রার্থীদের ভোট দিন (যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’)। এই ভিডিয়ো ঘিরে রাজনৈতিক মহলে তুমুল আলোড়ন ছড়িয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বিদায়ী মন্ত্রী তথা দিনহাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উদয়ন গুহর তোপ, উত্তরে বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে। সেকারণে ওরা যাকে পাচ্ছে, তাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছে। এমনকী বিচ্ছিন্নতাবাদী সংগঠনেরও সমর্থন নিতে হচ্ছে। কিন্তু মানুষ এসবে কান দিচ্ছে না। রাজবংশী সমাজ তৃণমূলকেই সমর্থন করবে। 

    বিজেপির মাটিগাড়া-নকশালবাড়ির প্রার্থী তথা ওই কেন্দ্রের বিদায়ী বিধায়ক আনন্দময় বর্মনের বক্তব্য, জীবন সিংহ কাকে সমর্থন করবেন, সেটা তাঁর সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। বিজেপির পক্ষ থেকে এবিষয়ে কোনো নির্দেশ দেওয়া হয়নি। রাজবংশী সমাজের মানুষ স্বতঃস্ফূর্তভাবেই বিজেপিকে সমর্থন করবে। 

    কেএলও প্রধানের ভিডিয়ো বার্তার পরিপ্রেক্ষিতে কেএসডিসি’র সভানেত্রী তপতী মল্লিক সাংবাদিক সম্মেলন করে বিজেপিকে সমর্থনের কথা জানান। কিন্তু জীবন সিংহের গোষ্ঠীর ব্যানারে ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে প্রার্থী হওয়া অষ্টমী রায় সিংহের সাফ বক্তব্য, আমরা কাউকে সমর্থন করব না। নিজেরাই লড়ব। কোচবিহার দক্ষিণের কেএসডিসি প্রার্থী অনন্ত বর্মনের তোপ, আমাদের সন্দেহ, জীবন সিংহের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে বিজেপিকে সমর্থন করার কথা বলতে বাধ্য করা হয়েছে। 

    জীবন ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে রাজবংশী সমাজের একাধিক সংগঠন। তাদের বক্তব্য, কেএলও প্রধান জঙ্গল ছেড়ে ফিরে এলেও শান্তি আলোচনা শুরু হয়নি। রাজবংশী সমাজের দাবিদাওয়া নিয়েও নীরব থেকেছে মোদি সরকার।
  • Link to this news (বর্তমান)