• পরিষেবা দিতে গিয়ে বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত স্বাস্থ্য আধিকারিক, ধৃত ১
    বর্তমান | ১৮ এপ্রিল ২০২৬
  • সংবাদদাতা, ফালাকাটা: ভ্রাম্যমাণ চিকিৎসা শিবিরের এক আধিকারিককে মারধর করার ঘটনায় নাম জড়াল বিজেপির নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ফালাকাটার শালকুমার গ্রাম পঞ্চায়েতের খাউচাঁদপাড়ায়। লিখিত অভিযোগের ভিত্তিতে রাতেই একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, বিজেপির এক পঞ্চায়েত সদস্য ও তার অনুগামীদের হামলায় আক্রান্ত হন ফালাকাটা ব্লক স্বাস্থ্য আধিকারিক গোলাব দেবনাথ সহ দুই স্বাস্থ্যকর্মী। পরিস্থিতি বেগতিক দেখে শিবির বন্ধ করে দ্রুত ঘটনাস্থল ছাড়েন তাঁরা। ফলে চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হয় প্রায় শতাধিক রোগীকে, যার মধ্যে গর্ভবতীও ছিলেন বলে অভিযোগ।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে জয়শিব ক্লাব সংলগ্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে  ব্লক স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। সাধারণত, এই পরিষেবা খাউচাঁদপাড়ার ১৯ নম্বর উপ-স্বাস্থ্যকেন্দ্রে দেওয়া হলেও রোগীর সংখ্যা কম হওয়ায় স্থান পরিবর্তন করা হয়েছিল বলে এক স্বাস্থ্যকর্মী জানান। অভিযোগ, শিবির চলাকালীন বিজেপির পঞ্চায়েত সদস্য ভবেন্দ্রনাথ ও তাঁর অনুগামীরা সেখানে এসে চিকিৎসার আড়ালে ভোট প্রচারের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান। তারা দাবি করে, এতদিন পরিষেবা না দিয়ে এখন ভোটের মুখে তৃণমূলের হয়ে ভোটপ্রচার করছেন তাঁরা। এ নিয়ে চিকিৎসক ও  স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কয়েকজন। এরপর স্বাস্থ্যকর্মীদের ধাক্কা দিয়ে শিবির থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। প্রাণভয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা শিবির বন্ধ করে এলাকা ছাড়েন।

    যদিও ভবেন্দ্রনাথ সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছেন, তৃণমূল কর্মীরাই স্বাস্থ্য শিবিরের আড়ালে প্রচার চালাচ্ছিলেন। মারধরের ঘটনা ঘটেনি। বিজেপির ফালাকাটার কনভেনার জয় সূত্রধর বলেন, চিকিৎসার নামে তৃণমূল চিকিৎসকদের দিয়ে ভোটপ্রচারের কৌশল নিয়েছিল। আমাদের পঞ্চায়েত সদস্য তাঁদের কাছে জানতে গিয়েছিলেন উপস্বাস্থ্য কেন্দ্রের বদলে কেন শিবির ক্লাবের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে করা হচ্ছে। আমাদের পঞ্চায়েত সদস্য কাউকে মারধর করেনি।

    তৃণমূলের ফালাকাটা ব্লক সভাপতি সঞ্জয় দাস ঘটনার তীব্র নিন্দা করে বাকি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। তিনি বলেন, স্বাস্থ্য পরিষেবা দিতে এসে হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। দোষীদের শাস্তির দাবি জানাই। 

    এবিষয়ে ফালাকাটা থানার পুলিশ জানিয়েছেন, ঘটনায় দেবানন্দ কার্জি নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে। ব্লক স্বাস্থ্য আধিকারিক গোলাব বলেন, রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)