• এলাকা ঘুরে ঘুরে ভোটারদের অভয় দিলেন ডিএম, সিপি
    বর্তমান | ১৮ এপ্রিল ২০২৬
  • সংবাদদাতা, শিলিগুড়ি: নির্ভয়ে নিজের ভোট নিজে দিন- এই বার্তা নিয়ে প্রচারে নামল প্রশাসন। শুক্রবার ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন জলপাইগুড়ির জেলাশাসক সন্দীপ ঘোষ ও শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা। ফুলবাড়িতে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কালিঙ্গিনী গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন তাঁরা। নির্ভয়ে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করেন। 

    পুলিশ কমিশনার বলেন, এলাকার মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সবরকমভাবে আশ্বস্থ করা হয়েছে। যাতে নির্ভয়ে নিজের ভোট দিতে পারেন। ভোটকে কেন্দ্র করে কোনো অশান্তি বা গণ্ডগোলের সম্ভাবনা রুখতে আমরা প্রস্তুত। পর্যাপ্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। ভোট পরবর্তী সময়েও নিরাপত্তা বজায় রাখা হবে। তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। 

    প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকার বাসিন্দা রজক আলি, মহম্মদ ইছামুদ্দিন প্রমুখ বলেন, এ ধরনের প্রচার মানুষের মনে সাহস জোগায়। যদিও আমাদের গ্রামে ভোটকে ঘিরে আগে কখনও কোনো অশান্তির ঘটনা ঘটেনি। এদিন ফুলবাড়ি ঘুরে এসে পরে শহরের ৩১ নম্বর ওয়ার্ডের শক্তিগড় হাইস্কুলেও আসেন ডিএম এবং সিপি। সেখানেও স্থানীয়দের ডেকে কথা বলেন তাঁরা। তাঁদের এলাকায় অতীতে রাজনৈতিক কোনো গণ্ডগোল হয়নি বলে দাবি করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি মেনে নিয়ে পুলিশ কমিশনার বলেন, কখনও কিছু ঘটেনি খুব ভালো কথা। এবারেও একই ধারা বজায় থাকবে, এই আশা রাখছি। • নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)