• ভোটের আগে নাম উঠবে কি? ট্রাইবুনালের দিকে তাকিয়ে বাঁকুড়াবাসী
    বর্তমান | ১৮ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পর বাঁকুড়ায় এসআইআরে বাদ পড়া অনেকেই ভোট দেওয়ার ব্যাপারে আশাবাদী হয়েছেন। তাঁরা নিজ নিজ এলাকার জনপ্রতিনিধিদের কাছে ট্রাইবুনালের শুনানির ব্যাপারে নিয়মিত খোঁজ নিচ্ছেন। ভোট দিতে না পারলে আগামীতে তালিকায় নাম থাকবে কি না, তা নিয়েও অনেকে আতঙ্কিত রয়েছেন। কেউ নিজের নাম তালিকায় তুলতে মরিয়া হয়েছেন। কেউ আবার প্রিয়জনের নাম ভোটের আগে যাতে তালিকায় ওঠে, তারজন্য ট্রাইবুনালের নির্দেশের দিকে তাকিয়ে রয়েছেন। 

    বাঁকুড়া শহরের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা টুম্পা দে, ইন্দ্রাণী সিংহরায় বলেন, আমরা ট্রাইবুনালে আবেদন করেছি। শেষ মুহূর্তে তালিকায় নাম উঠলে এযাত্রায় রক্ষা পাব। ভোট দিতে না পারলে কী হবে, তা জানি না। সুপ্রিম কোর্ট রায় দেওয়ায় আশার আলো দেখছি। 

    ওই ওয়ার্ডের কাউন্সিলার তথা রাজ্য যুব তৃণমূল নেতা রাজীব দে বলেন, নাম বাদ পড়া ওয়ার্ডবাসী ট্রাইবুনালে আবেদন করেছেন। আমরা তাঁদের সাহায্য করেছি। এখন তাঁরা শুনানির ব্যাপারে খোঁজ নিচ্ছেন। বাঁকুড়ায় প্রথম দফায় ভোট রয়েছে। ভোটের আগে তালিকায় নাম তোলার জন্য বাদ পড়া নাগরিকরা মরিয়া হয়ে উঠেছেন। তাঁদের এই হয়রানির জন্য বিজেপি দায়ী। ফলে বাদ পড়া ভোটাররা তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারলে তা পদ্ম শিবিরের বিরুদ্ধে যাবে। সেই কারণে বিজেপি ভোটারদের নাম তালিকায় উঠুক তা চায় না। 

    বিজেপি-র বাঁকুড়া সাংগঠনিক জেলার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, বৈধ ভোটারদের নাম তালিকায় থাকুক, তা আমরাও চাই। তৃণমূল অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় রেখে দিতে চাইছে। আমরা তার বিরোধিতা করেছি। এবার মানুষের রায় তৃণমূলের বিরুদ্ধে যাবে। তা বুঝতে পেরেই ওরা আমাদের নামে অহেতুক মিথ্যাচার করছে।

    বড়জোড়ার বাসিন্দা শেখ আসিফ বলেন, আমার স্ত্রী ছাড়া পরিবারের সকলের নাম ভোটার তালিকায় উঠেছে। পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় আমার স্ত্রীর বাপের বাড়ি। তার বাবার নাম ২০০২ সালের ভোটার তালিকায় ভুল ছিল। পরে তা সংশোধন করা হয়। সেই কারণে সমস্যা হয়েছে। ভোটের আগে ট্রাইবুনাল স্ত্রীকে বৈধ ভোটার হিসাবে ঘোষণা করলে চিন্তামুক্ত হব। 

    বাঁকুড়া জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এসআইআরে বাঁকুড়ায় সবমিলিয়ে মোট ১ লক্ষ ৪৩ হাজার নাম বাদ পড়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশের পর বাদ পড়েছে ১০ হাজার ভোটারের নাম। তার আগে লক্ষাধিক মৃত, স্থানান্তরিত, অনুপস্থিত ভোটার এসআইআর প্রক্রিয়ার প্রথম পর্বেই বাদ পড়ে। বাদ পড়াদের মধ্যে অনেকেই বৈধ ভোটার রয়েছেন বলে প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা স্বীকার করে নিয়েছেন। তবে নাম বিভ্রাট সহ অন্যান্য কারণে তাঁদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। বাদ পড়া ভোটারদের মধ্যে এখনও প্রায় সাড়ে চার হাজার জন ট্রাইবুনালে আবেদন করেছেন। তৃণমূলের তরফেই মূলত বাদ পড়া ভোটারদের সাহায্য করা হয়েছে। ট্রাইবুনালে আবেদনের ক্ষেত্রে তৃণমূলপন্থী আইনজীবীরাও ভোটারদের সাহায্য করছেন।  
  • Link to this news (বর্তমান)