নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত বিধানসভা নির্বাচনের তুলনায় এবার ভোটের দফা কমিয়েছে নির্বাচন কমিশন। এবার রাজ্যে ভোটগণনা কেন্দ্রের সংখ্যাও কমিয়ে দিল তারা। এবার রাজ্যের ২৯৪টি আসনের ভোট গণনা হবে ৮৭টি কেন্দ্রে। কোন জেলায় কোথায় কোথায় গণনা চলবে, তার তালিকাও প্রকাশ করেছে কমিশন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে ভোট গণনা হয়েছিল ৯০টি কেন্দ্রে। ২০২১ সালের ভোটে গণনাকেন্দ্রের সংখ্যা বাড়িয়ে ১০৮টি করা হয়। এবার তা কমিয়ে আনা হল।
কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, রাজ্যে সবচেয়ে বেশি বিধানসভা কেন্দ্র রয়েছে উত্তর ২৪ পরগনায়। এই জেলার ৩৩টি আসনের ভোট গোনা হবে আটটি কেন্দ্রে। আসন সংখ্যার নিরিখে এরপরই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এই জেলার ৩১টি আসনের ভোট গোনা হবে ১২টি কেন্দ্রে। কমিশন জানিয়েছে, কলকাতার ১১টি বিধানসভা কেন্দ্রের ভোট গোনা হবে পাঁচটি কেন্দ্রে। এছাড়াও উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের পাঁচটি আসনের গণনা হবে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে। জলপাইগুড়ির সাতটি আসনের গণনা দু’টি কেন্দ্রে হবে। পাশাপাশি, কোচবিহারের ন’টি আসনের গণনা পাঁচটি কেন্দ্রে, দার্জিলিঙের পাঁচটি আসনের গণনা তিনটি কেন্দ্রে, উত্তর দিনাজপুরের ন’টি আসনের গণনা দু’টি কেন্দ্রে, দক্ষিণ দিনাজপুরে ছ’টি আসনের গণনা দু’টি কেন্দ্রে, মালদহের ১২টি আসনের গণনা দু’টি কেন্দ্রে, মুর্শিদাবাদের ২২টি আসনের গণনা ছ’টি কেন্দ্রে, নদীয়ার ১৭টি আসনের গণনা চারটি কেন্দ্রে, হাওড়ার ১৬টি আসনের গণনা চারটি কেন্দ্রে, হুগলির ১৮টি আসনের গণনা ছ’টি কেন্দ্রে, পূর্ব মেদিনীপুরের ১৬টি আসনের গণনা চারটি কেন্দ্রে, পশ্চিম মেদিনীপুরের ১৫টি আসনের গণনা চারটি কেন্দ্রে, পুরুলিয়ার ন’টি আসনের গণনা তিনটি কেন্দ্রে, বাঁকুড়ার ১২টি আসনের গণনা তিনটি কেন্দ্রে, পূর্ব বর্ধমানের ১৬টি আসনের গণনা তিনটি কেন্দ্রে, পশ্চিম বর্ধমানের ন’টি আসনের গণনা দু’টি কেন্দ্রে এবং বীরভূমের ১১টি আসনের গণনা তিনটি কেন্দ্রে হবে। ঝাড়গ্রামের চারটি আসনের গণনা হবে রানি ইন্দিরা দেবী সরকারি স্কুলে।