নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্বাচনের আগে বা পরে নয়, প্রচার যখন তুঙ্গে ঠিক সেইসময় কেন্দ্রীয় সরকারের এজেন্সির হানা পড়ল রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে। ইডি-সিবিআইয়ের পর এবার অভিযানে নেমেছে আয়কর দপ্তর। আয়কর দপ্তরের এই অভিযানকে ‘রেইড রাজনীতি’ বলে অভিহিত করছে কংগ্রেস। কেন্দ্রীয় এজেন্সিকে ‘ব্যবহার’ করার কথা বলেছে বামেরা।
কেন্দ্রীয় এজেন্সির হানাকে বিজেপি বিরোধীরা বারবার একযোগে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ আখ্যা দিয়ে এসেছে। রাসবিহারী কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আশুতোষ চট্টোপাধ্যায় বলছিলেন, ‘সত্যিই যদি সমস্যা থাকে, তাহলে এতদিন কেন্দ্রীয় এজেন্সিগুলো কী করছিল? এটা কি কোনো বিশেষ দলকে ক্ষমতায় আনার প্রচেষ্টা চলছে? খুবই দুর্ভাগ্যজনক! আইন আইনের পথে চলুক, এটাই চাই।’
ওই কেন্দ্রে এবার বামেদের প্রার্থী সিপিআই (এমএল) লিবারেশনের মানস ঘোষ। প্রসঙ্গত, এর আগে লিবারেশনের সাধারণ সম্পাদক জাতীয় ইস্যুতে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিলেন। এক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রার্থী মানসবাবু মধ্যপন্থা অবলম্বন করছেন। যদিও ভোটের মধ্যে কেন্দ্রীয় এজেন্সিকে বিজেপি ব্যবহার করছে বলেই মনে করেন তিনি।