• ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর ফর্ম বিলি! বিজেপির বিরুদ্ধে কমিশনে অভিযোগ দায়ের
    বর্তমান | ১৮ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রাজ্যজুড়ে নির্বাচনি আচরণবিধি জারি থাকার মধ্যেই রীতিমতো ক্যাম্প অফিস খুলে মহিলাদের ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর ফর্ম বিলি! সেই সঙ্গে নির্দিষ্ট রাজনৈতিক দলকে ভোট দেওয়ার আহ্বান জানানোর অভিযোগকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে হাওড়ায়। এই ঘটনাকে সরাসরি নির্বাচনি বিধিভঙ্গ বলে দাবি করে কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসক দলের অভিযোগ, ফর্ম বিলির আড়ালে পরিকল্পিতভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হয়েছে।

    তৃণমূলের অভিযোগ, শুক্রবার সকালে রামকৃষ্ণপুরঘাট সংলগ্ন আপার ফোরশোর রোডে একটি অস্থায়ী ক্যাম্প খুলে বিজেপির মহিলা মোর্চার কর্মীরা মহিলাদের ফর্ম বিতরণ করতে থাকেন। ওই ফর্ম পূরণ করে রাখলে ভবিষ্যতে বিজেপি সরকার গঠন করলে মাসিক আর্থিক সহায়তা হিসাবে ৩ হাজার টাকা পাওয়া যাবে—এমন আশ্বাস দেওয়া হচ্ছিল। পাশাপাশি, এই সুবিধা পেতে হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তথা বিজেপিকে ভোট দেওয়ার কথাও বলা হয়েছে বলে সরাসরি দাবি করেছে তৃণমূল। এই ঘটনাকে সামনে রেখে জেলাশাসকের দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করে তৃণমূল। এরপরই কমিশনের আধিকারিক এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্যাম্প বন্ধ করার নির্দেশ দেন বলে জানা গিয়েছে।

    তৃণমূলের হাওড়া জেলা চেয়ারম্যান অরূপ রায় বলেন, ‘নির্বাচনি বিধি জারি থাকার সময় কীভাবে একটি রাজনৈতিক দল ক্যাম্প অফিস খুলে সরকারি প্রকল্পের নামে ফর্ম বিলি করতে পারে? সেই ফর্ম বিলির সঙ্গে আবার ভোটের আবেদন জুড়ে দেওয়া হচ্ছে। যে দল এখনও সরকারেই আসেনি, তারা কীভাবে এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে? আমরা কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি।’ বিজেপির মহিলা মোর্চার হাওড়া জেলা সভানেত্রী সুইটি সাউ ফর্ম বিলির কথা স্বীকার করে নিয়েছেন। তাঁর বক্তব্য, ‘আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ২০০টি ফর্ম বিতরণ করেছি। মহিলাদের বলা হয়েছে, আগে থেকেই ফর্ম পূরণ করে রাখলে ভবিষ্যতে সুবিধা হবে। বিজেপি সরকারে এলে এই প্রকল্প চালু করা হবে।’ তবে বিজেপির হাওড়া জেলা (সদর) সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য বলেন, ‘দলের সংকল্পপত্রে মহিলাদের আর্থিক সহায়তার কথা রয়েছে। তবে কোনো ক্যাম্প অফিস খুলে ফর্ম বিলির বিষয়টি দলের অনুমোদিত নয়। কোথাও এমন ঘটনা ঘটলে তা খতিয়ে দেখা হবে।’ সিপিএমের জেলা সম্পাদক দিলীপ ঘোষ এই ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ করে বলেন, ‘ভোটের আগে মানুষকে প্রলোভন দেখানোর রাজনীতি নতুন কিছু নয়। বিজেপি ও তৃণমূল, দুপক্ষই ভাতা দেওয়ার নামে ভাঁওতাবাজি করছে।’
  • Link to this news (বর্তমান)