• রাজ্যে নির্বাচনের মুখে পৃথক অভিযানে প্রায় ২০ লক্ষ টাকা উদ্ধার, ধৃত ১
    বর্তমান | ১৮ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হুগলি, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু জায়গায় নাকা চেকিং চালানোর সময় প্রায় ২০ লক্ষ টাকা উদ্ধার হল। শুক্রবার দিনভর কলকাতার বিভিন্ন এলাকায় নাকা তল্লাশি চালিয়ে মোট ১০ লক্ষ ১৮ হাজার কালো টাকা উদ্ধার করেছে কলকাতা পুলিশ। এদিন বিকেল চারটে নাগাদ, শেক্সপিয়র সরণি থানার লর্ড সিনহা রোড এবং এজেসি বোস রোডের সংযোগস্থলে নাকা তল্লাশির সময় একটি গাড়ি থেকে পুলিশ ৩ লক্ষ ৭৬ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে। বৃহস্পতিবার রাতে পাটুলি থানার ঢালাই ব্রিজে নাকা তল্লাশি চলাকালে তিন লক্ষ সাড়ে ৬৭ হাজার কালো টাকা বাজেয়াপ্ত হয়েছে। এন্টালি বিধানসভার ক্রিস্টোফার রোডে বৃহস্পতিবার রাতে নাকা তল্লাশি চলাকালে ১ লক্ষ কালো টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। বেলেঘাটা বিধানসভার নারকেলডাঙা এলাকায় একটি স্কুটারে তল্লাশি চালিয়ে পৌনে দু’লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানার বুড়োর ঘাট এলাকায় বাইক নিয়ে যাচ্ছিলেন উস্থির জুলফিকার শেখ নামে এক বাসিন্দা। নাকা চেকিংয়ে তাঁর থেকে উদ্ধার হয়েছে ৩ লক্ষ ৯৬ হাজার টাকা। সাড়ে চার লক্ষ নগদ টাকা বাজেয়াপ্ত হয়েছ হুগলির চণ্ডীতলায়। সেখানে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নাম কার্তিক দাস। তার বাড়ি সিঙ্গুরের খাসেরভেড়িতে। বৃহস্পতিবার রাতে ওই যুবক স্কুটারে করে নগদ টাকা নিয়ে চণ্ডীতলায় ঢুকেছিল। নাকা চেকিংয়ের সময় সন্দেহ হওয়ায় পুলিশ স্কুটার আটক করে। তারপর নগদ টাকা উদ্ধার হয়। ওই টাকা বহন করার উপযুক্ত যুক্তি কার্তিক দিতে পারেনি। তার জেরে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং টাকা বাজেয়াপ্ত করে। এদিকে, শুক্রবার চণ্ডীতলার খড়সরা থেকে পুলিশ বিপুল পরিমাণ অবৈধ বাজি বাজেয়াপ্ত করেছে। তবে ওই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। বৃহস্পতিবার রাতভর কলকাতা শহরে অভিযান চালিয়ে  ৩৭২ জনকে অভব্য আচরণের অভিযোগে আটক করা হয়েছে। সুনির্দিষ্ট মামলায় ৯৪ জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। ৫৩টি ওয়ারেন্ট কার্যকর করা হয়েছে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)