সংবাদদাতা, বারুইপুর: তৃণমূল প্রার্থী তাপস মণ্ডলের সমর্থনে রায়দিঘিতে সভা করতে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই খবর পাওয়ার পর শুক্রবার চড়া রোদ মাথায় নিয়ে আসা শুরু করে মানুষ। ভিড় জমতে শুরু করে খাঁড়ির মণ্ডলপাড়া মাঠে। একসময় সে ভিড় জনপ্লাবনে পরিণত হয়।
শুক্রবার তৃণমূলের নির্বাচনি সভায় মহিলা ও পুরুষদের জন্য ছিল আলাদা বসার ব্যবস্থা। আবাদ ভগবানপুর থেকে শুরু করে কংকনদিঘি কিংবা নন্দকুমারপুর, সব জায়গা থেকে দুপুর থেকেই কাতারে কাতারে মানুষ আসতে থাকে। মহিলা থেকে পুরুষ অনেকের হাতে প্ল্যাকার্ড। তাতে লেখা ‘উই লাভ এবি’। বা লেখা, ‘উই লাভ সবুজ সেনার সেনাপতি’। সভায় আসেন মথুরাপুর ১ ও ২ নম্বর ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। ৩টে ৪৫ মিনিটে অভিষেক সভায় প্রবেশ করার পর স্লোগান ওঠে ‘জয় বাংলা, অভিষেক আমরা তোমাকে ভালোবাসি।’ জনপ্লাবন দেখে উচ্ছ্বসিত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও। তিনি বলেন, চার ঘণ্টা ধরে বসে আছেন তৃণমূলকে জেতানোর জন্য। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ।
কংকনদিঘির বাসিন্দা সীমা সরদার বলেন, তৃণমূল জিতবেই। অভিষেকের ভাষণ শুনব বলে এখানে আসা। একাধিক সরকারি প্রকল্প পেয়েছি। ভোট তো দেবই। নন্দকুমারপুর থেকে আসা প্রবীণ কার্তিক ঘোষ সাদা গেঞ্জি, ধুতি পরে এসেছেন সভায়। তিনি বলেন, আগের বিধায়কও কাজ করছিলেন। এবার যিনি প্রার্থী হয়েছেন তিনিও ভূমিপুত্র। তাই সুবিধা হবে। সভায় আসা মানুষের ভিড় নিয়ন্ত্রণ করতে পুলিশকে হিমশিম খেতে হয় এদিন। আধ ঘণ্টারও বেশি সময় ধরে বক্তব্য রাখেন অভিষেক। সভা চলাকালীন অনেকে আসেন। রাস্তায় তখন মানুষের ভিড়। এদিন বহু পুরানো কর্মী এসেছিলেন। সবাই বলেন, বিজেপিকে আটকাতে তৃণমূলকে জেতাতে হবে। অধিকাংশের মাথায় ছিল তৃণমূলের টুপি। পুরুষরা পরেছিলেন জোড়াফুল আঁকা সাদা গেঞ্জি। নিজস্ব চিত্র