সংবাদদাতা, বনগাঁ: বৃহস্পতিবারের পর শুক্রবারও বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়াকে গো ব্যাক স্লোগান দেওয়া হল। এদিন সকালে বনগাঁ পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে প্রচারে গেলে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা গো ব্যাক স্লোগান দেন। পরিস্থিতি উত্তপ্ত হলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এরপর পুলিশ ও বাহিনীর উপস্থিতিতে এলাকায় ভোট প্রচার করেন বিজেপি প্রার্থী। শুক্রবার সকালে পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ভোট প্রচারে যান বিজেপি প্রার্থী। কর্মী-সমর্থকদের নিয়ে ভোট প্রচারে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়েন তিনি। তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান দেন বাসিন্দারা। দু’পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়। যদিও পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অশোক কীর্তনিয়া দাবি করেন, তৃণমূল বুঝতে পেরেছে নির্বাচনে তাদের হার নিশ্চিত। সে কারণে কর্মীদের উসকে দিয়ে অশান্তি করার চেষ্টা করছে। যদিও বিজেপি প্রার্থীর অভিযোগ মানতে নারাজ তৃণমূল। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সহ সভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন, মানুষ ৫ বছর বিধায়ককে কাছে পাননি। এখন তাঁর কাছে নানা অভিযোগ তুলে ধরছেন। এরসঙ্গে তৃণমূলের যোগ নেই।