• দশ দফা অঙ্গীকার তৃণমূলের, বীজপুর স্মার্ট সিটি, বারাকপুরে মিটবে জল-যন্ত্রণা
    বর্তমান | ১৮ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর, বরানগর ও বারাসত: বীজপুর ও বারাকপুর বিধানসভা কেন্দ্রের জন্য পৃথক অঙ্গীকারপত্র ঘোষণা করল তৃণমূল। শুক্রবার এই দুই কেন্দ্রের প্রার্থী সুবোধ অধিকারী ও রাজ চক্রবর্তী দলের পক্ষ থেকে অঙ্গীকারপত্র তুলে ধরেন। বীজপুরের অঙ্গীকারপত্রে রয়েছে স্মার্ট সিটি, আন্ডারগ্রাউন্ড কেবল এবং সিসি ক্যামেরায় শহর মুড়ে ফেলার প্রতিশ্রুতি। বারাকপুরের প্রার্থী রাজ চক্রবর্তী তাঁর অঙ্গীকারপত্রে জানিয়েছেন, জল জমা সমস্যার সমাধান করা হবে। মোট দশ দফা প্রতিশ্রুতি রয়েছে। প্রত্যেক প্রার্থী ১০ দফা অঙ্গীকারপত্র সাংবাদিক বৈঠক করে ঘোষণা করছেন। বীজপুরের তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারী স্মার্ট সিটি তৈরির পাশাপাশি শিবানী হাসপাতালকে সুপার স্পেশালিটি মাল্টি হাসপাতাল করার অঙ্গীকার করেছেন। তিনি জানিয়েছেন, কাঁচরাপাড়া ও হালিশহরের রাস্তাঘাট সম্প্রসারণ করা হবে এবং হকারদের পুনর্বাসন দেওয়া হবে। স্থানীয় নেতৃত্বকে পাশে নিয়ে অঙ্গীকারপত্র ঘোষণা করেন রাজ চক্রবর্তী।

    যার মধ্যে অন্যতম হল, ঐতিহাসিক শহর বারাকপুরের জল বের করার জন্য মাস্টার প্ল্যান তৈরি করা। উন্নতমানের জঞ্জাল ব্যবস্থাপনা প্রকল্প। বারাকপুর শহরকে ফ্রি ওয়াইফাই যুক্ত শহর করার কথা রয়েছে। বিএন বসু হাসপাতালে আইসিইউ সহ শয্যা সংখ্যা বৃদ্ধি করা হবে। বারাকপুর স্টেডিয়াম এবং আউটডোর গেমের জন্য আরও সুব্যবস্থা করা হবে। খেলার মাঠগুলিকে খেলার উপযোগী করে তোলা হবে। টিটাগড়ে জুট মিল শ্রমিকদের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া হবে। পুকুরগুলি সংস্কার করা হবে। টিটাগড়ে রবীন্দ্রভবনকে আধুনিকীকরণ করার কাজ চলছে তা শেষ করা হবে। সুন্দর করে সাজিয়ে তোলা হবে বারাকপুর শহরকে। রাজ চক্রবর্তী বলেন, পাঁচবছর ধরে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। নতুন কাজের পরিকল্পনা রয়েছে। একই দিনে নির্বাচনি ইস্তেহার প্রকাশ করলেন অশোকনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী। বিধানসভা এলাকায় জমা জল থেকে রেহাই পেতেই পদ্মা খালের সংস্কারের আশ্বাস দিয়েছেন তিনি। অশোকনগরকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার পরিকল্পনার কথাও ইস্তেহারে রয়েছে। ইতিহাসিক নিদর্শন সংরক্ষণে মিউজিয়াম নির্মাণের প্রতিশ্রুতি দিলেন নারায়ণবাবু।  শিল্প ও কর্মসংস্থানের উপর জোর দিতে চাইছেন তিনি। অশোকনগরের কল্যাণী স্পিনিং মিলের দ্বিতীয় ইউনিটে ৩৬ একর জমি বিভিন্ন শিল্প সংস্থাকে দেওয়া হয়েছে। ইতিমধ্যে ১৬টির কাজ শুরু হয়েছে। বাকি কাজ দ্রুত শেষ করার কথা ইস্তাহারে উল্লেখ করা হয়েছে। এছাড়া অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার পরিকাঠামো উন্নয়নের সঙ্গে সব্দালপুর গ্রামীণ হাসপাতালে ১০০ বেড করার প্রতিশ্রুতিও রয়েছে। নারায়ণ বলেন, জেতার পর দ্রুত প্রতিশ্রুতিগুলি পূরণ করব। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণের জন্য বিনামূল্যে কোচিং সেন্টার করা হবে। এছাড়া শুক্রবার বরানগর, কামারহাটি, পানিহাটি ও খড়দহে তৃণমূলের তরফে প্রতিজ্ঞা স্তম্ভ প্রকাশ করা হয়। সর্বত্রই নাগরিক পরিষেবা, স্বাস্থ্য পরিকাঠামোয় জোর দিয়ে সুসংগঠিত রূপরেখা সামনে আনা হয়েছে। বরানগরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, পানিহাটির তীর্থঙ্কর ঘোষ জমা জলের যন্ত্রণা দূর করতে বৈজ্ঞানিক ড্রেনেজ মাস্টার প্ল্যানের কথা জানিয়েছেন। কামারহাটির মদন মিত্র বাগজোলা, দাঁতিয়া ও উদয়পুর খালের ড্রেজিংয়ের পরিকল্পনা সামনে এনেছেন। পানিহাটিতে সলিড ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট গড়ার প্রতিশ্রুতি রয়েছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)