• ডায়মণ্ডহারবার মডেলে সাজবে রায়দিঘিও, আশ্বাস অভিষেকের , পৃথক মহকুমা হবে মথুরাপুর
    বর্তমান | ১৮ এপ্রিল ২০২৬
  • সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, রায়দিঘি: মথুরাপুর ১ এবং মথুরাপুর ২ নম্বর ব্লক ডায়মন্ডহারবার মহকুমার অধীন। মথুরাপুরকে পৃথক মহকুমা করার আশ্বাস দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি বলেন, ডায়মন্ডহারবার উন্নয়ন মডেল চালু হবে রায়দিঘিতে। শুক্রবার দুপুরে রায়দিঘিতে তৃণমূল প্রার্থী তাপস মণ্ডলের সমর্থনে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখতে এসেছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

    জনসভায় অভিষেক বলেন, কথা দিচ্ছি রায়দিঘিকে বুক দিয়ে আগলে রাখব। এই বিধানসভার সার্বিক উন্নয়নের দায়িত্ব আমাদের। এখানে তৃণমূল জয়ের রেকর্ড তৈরি করবে। রায়দিঘির খাঁড়ি মণ্ডলপাড়া ক্যাথলিক মাঠে  মানুষের ভিড়ে উপচে পড়েছিল সভা। ভিড়কে উদ্দেশ্য করে অভিষেক বলেন, আপনাদের অনেক কষ্ট হয় ডায়মন্ডহারবারে যেতে হয়। তাই মথুরাপুর মহকুমা দ্রুত চালু করার পরিকল্পনা আছে। সেখানে আদালত, পুলিশ বিভাগ সব থাকবে। আপনাদের অসুবিধা হবে না। তারপর সভার ভিড় দেখে উচ্ছ্বসিত তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলেন, এই সভা বিজয় উৎসবে পরিণত হয়েছে। রায়দিঘিতে তৃণমূল প্রার্থীকে জেতানো মানে আমাকে জেতানো। এরপর রায়দিঘিতে সরকারি প্রকল্পগুলির উন্নয়নের হিসেব তুলে ধরেন সাংসদ। বলেন, শুধু রায়দিঘিতে ২৫ হাজার ৯৮৪ জন মানুষকে বাড়ি তৈরির টাকা দেওয়া হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারে ১ লক্ষ ৪ হাজার মহিলা সুফল পাচ্ছেন। ৩৩ হাজার জন যুবসাথীর টাকা পেয়েছেন। ১০০ কোটি টাকা ব্যয় করে রাস্তা নির্মাণ হয়েছে। বাস টার্মিনাসের কাজ শেষের পথে। আগামী দিনে কলকাতা শুধু নয় দীঘা যাওযার বাসও মিলবে রায়দিঘি থেকে। এছাড়া কাশীনগরে খাল সংস্কারের কাজ শেষ হয়েছে। ২ কোটি ৯০ লক্ষ টাকায় ইকো পার্ক হয়েছে।  হাসপাতালে চালু হয়েছে ৩০ বেডের মাতৃবিভাগ। পাশাপাশি কলেজ সংস্কার, নন্দকুমারপুরে বিদ্যুতের সাব স্টেশন করা হয়েছে। 

    এই বিধানসভার বিজেপি প্রার্থী পলাশ রানা। তাঁকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক বলেন, শুধু রায়দিঘি বিধানসভায় পরিকাঠামোগত উন্নয়নের তথ্য দিলাম। বিজেপি প্রার্থী যে কোনো পঞ্চায়েতের ১২ বছরের রিপোর্ট কার্ড নিয়ে এলে তথ্য হাতে নিয়ে লড়াই হবে। এরপর রায়দিঘির তৃণমূল প্রার্থী তাপস মণ্ডলকে পাশে ডেকে নিয়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, তাপস মণ্ডল শিক্ষকতা করে ছাত্র তৈরি করেন। উনি পণ্ডিত মানুষ। আর যিনি বিজেপি প্রার্থী হয়েছেন তিনি খুনের ঘটনায় জড়িত। মথুরাপুর থানায় অভিযোগ আছে। ওঁর বিরুদ্ধে খুনের মামলা, একাধিক ফৌজদারি মামলা আছে। ওঁকে বিজেপি প্রার্থী করেছে। কোনো ভালো মানুষ বিজেপি করেন না। সাত কোটি টাকার বাড়ি, তাতে সুইমিং পুল, আবার পেট্রল পাম্প সব আছে। চুরি করলে এখন বিজেপিতে যায়। এরপর সভা থেকে তিনি বলেন, রায়দিঘির বিধায়ককে ভবিষ্যতে দল কাজে লাগাবে। সভা শেষ হওয়ার পর বিধায়ক ও দলের নেতাদের সঙ্গে একান্তে কথা বলেন অভিষেক। সেখানে ভোটে লিড বাড়ানোর নির্দেশ দিয়েছেন।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)