মেয়ের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা ভুয়ো এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ধর্ষণে অভিযুক্ত নাসিকের স্বঘোষিত ধর্মগুরু অশোক খারাটকে বাঁচাতেই তাঁর মেয়েকে ফাঁসানো হচ্ছে। এমনই দাবি করলেন টিসিএস কাণ্ডে মূল অভিযুক্ত নিদা খানের বাবা।
অভিযোগ উঠেছে, টিসিএস-এর নাসিকের অফিসে ধর্মান্তকরণ চক্রের মাস্টারমাইন্ড নিদাই। আদালতেও সেই অভিযোগ পুলিশের। কিন্তু নিদার এখনও হদিশ পাননি তদন্তকারীরা। এর মধ্যে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে নিদার বাবা দাবি করেছেন, তাঁর মেয়ের বিরুদ্ধে যে সব অভিযোগ তোলা হয়েছে, তা আদতে ধর্মগুরুর ‘কুকীর্তি’ ধামাচাপা দেওয়ার জন্য। প্রসঙ্গত, কিছু দিন আগে ধর্ষণের অভিযোগে খারাটকে গ্রেপ্তার করা হয়েছে। নিদার পরিবারের দাবি, তাদের মেয়ে অন্তঃসত্ত্বা। তিনি বর্তমানে শ্বশুরবাড়িতে রয়েছেন। নিদা কোনও ধর্মান্তকরণ চক্রের সঙ্গেও যুক্ত নন বলেই দাবি পরিবারের।
যদিও পুলিশের দাবি, তারা এখনও নিদাকে খুঁজে পাননি। তাঁর স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জেরায় তিনি জানান, গত ১৪ এপ্রিল থেকে শ্বশুরবাড়িতে নেই নিদা। তিনি গিয়েছিলেন এক আত্মীয়ের বাড়িতে। কিন্তু সেখানেও গিয়েও তাঁর হদিশ মেলেনি বলেই দাবি পুলিশের। তদন্তকারীদের একটি সূত্র জানিয়েছে, ওই বাড়ি তালাবন্ধ ছিল। বাড়ির লোকেদের ফোনও করা হয়েছিল। তাঁদের ফোনও বন্ধ। পুলিশ সূত্রের দাবি, পরে আবার নিজের বয়ান বদল করেন নিদার স্বামী। তিনি জানান, চলতি সপ্তাহেই নিদাকে নাসিকে নিয়ে গিয়েছিলেন তাঁর পিসি। কিন্তু এখন তাঁর স্ত্রী কোথায়, তা তিনি জানেন না।