শনিবার কলকাতা সহ এই জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা
আজকাল | ১৮ এপ্রিল ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতি ও শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা থাকলেও সেভাবে হয়নি। শনিবারও দক্ষিণের বেশ কিছু জেলায় দুপুরের পর কালবৈশাখীর সতর্কবার্তা রয়েছে। সেই তালিকায় রয়েছে কলকাতাও। তবে তাতে গরম কমবে না। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।
হাওয়া অফিস জানিয়েছে, আপাতত গরম বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। কলকাতা, হাওড়া, হুগলির মতো জেলায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে শনিবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। রবিবার থেকে এই জেলাগুলিতেই গরমের অস্বস্তি জারি থাকবে। সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বিহার থেকে দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত ঝাড়খণ্ডের উপর দিয়ে একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা ০.৯ কিলোমিটার। এছাড়া, উত্তর উপকূলীয় ওড়িশা এবং পার্শ্ববর্তী অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা ১.৫ কিলোমিটার। পশ্চিম ও উত্তর–পশ্চিম দিক থেকে মাঝেমধ্যে শুকনো হাওয়া বইছে। এর ফলে রবিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায়। সঙ্গে বিক্ষিপ্তভাবে কখনও বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।
তবে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি চলবে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়িতে। উত্তরের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ–সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। ঝড়বৃষ্টির কারণে উত্তরবঙ্গে নতুন করে তাপমাত্রা আর বাড়বে না।
কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি বেশি। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তার পরের দু’দিনেও তাপমাত্রার তেমন হেরফের হবে না। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী সাত দিনে তাপমাত্রার বড় কোনও হেরফেরের সম্ভাবনাও কার্যত নেই।
হাওয়া অফিসের কথায়, রবিবার থেকে পারদ চড়বে দক্ষিণে। সোমবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছতে পারে। দু’এক জায়গায় ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে।