• অভিষেকের সভায় তৃণমূলে যোগ প্রদেশ কংগ্রেস মুখপাত্রের
    আজকাল | ১৮ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে  বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণের মাত্র পাঁচ দিন আগে মুর্শিদাবাদ জেলা তথা রাজ্যে ফের একবার বড়সড় বিপর্যয়ের মুখে পড়ল কংগ্রেস। শনিবার মুর্শিদাবাদ শহরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির একটি রাজনৈতিক কর্মসূচিতে জাতীয় কংগ্রেস ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিতে চলেছেন রাজ্য কংগ্রেসের মুখপাত্র হাসানুজ্জামান বাপ্পা। 

    সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের ওই রাজনৈতিক কর্মসূচিতে হাসানুজ্জামান ছাড়াও কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন প্রদেশ কংগ্রেস কমিটির সোশ্যাল মিডিয়া সেলের সম্পাদক জাবেকুল শেখ, কংগ্রেসের জঙ্গিপুর মহকুমার যুব নেতা রবিউল ইসলাম এবং রঘুনাথগঞ্জ টাউন কংগ্রেসের প্রাক্তন সভাপতি অমিত সরকার।  

    প্রসঙ্গত, গত বুধবার মুর্শিদাবাদের ফরাক্কার বাসিন্দা তথা প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক এবং রাজ্য যুব কংগ্রেসের সহ-সভাপতি আসিফ ইকবাল, দক্ষিণ ২৪ পরগনার পৈলানে অভিষেক ব্যানার্জির একটি রাজনৈতিক সভায় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। সেই ঘটনা রেশ কাটার আগেই মুর্শিদাবাদের বাসিন্দা তথা প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র হাসানুজ্জামান বাপ্পার কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত বিধানসভা নির্বাচনের মুখে কংগ্রেসের জন্য বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল। 

    লালবাগের সিংহী হাই স্কুলের ময়দানে তৃণমূল প্রার্থী শাওনি সিংহ রায়ের সমর্থনে অভিষেকের জনসভায় আজই কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র হাসানুজ্জামান। প্রাক্তন প্রদেশ কমিটির সভাপতি তথা এই বছরের বিধানসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর উপর একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন, “কংগ্রেস দল ছাড়তে আমি বাধ্য হলাম। অধীরদা দলটা আমাকে করতে দিল না।”

    তিনি বলেন, “আমরা সকলেই জানি গতকাল পার্লামেন্টে পেশ হওয়া একটি বিলকে কেন্দ্র করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, অভিষেক ব্যানার্জিকে ফোন করেছিলেন। এর থেকেই পরিষ্কার বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে  এই রাজ্যে অভিষেক ব্যানার্জির হাতকে শক্ত করতে হবে।” হাসানুজ্জামান অভিযোগ করেন, “মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস, বিজেপির নেতৃত্বে চলছে। তাই আর কংগ্রেসে থাকা সম্ভব হচ্ছেন না। রাহুল গান্ধী যে পথ গতকাল দেখিয়েছেন, সেই কারণেই আমি আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছি।”

    হাসানুজ্জামান দাবি করেন, তাঁর সঙ্গে আজই কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন প্রদেশ কংগ্রেস কমিটির সোশ্যাল মিডিয়া সেলের সম্পাদক জাবেকুল শেখ-সহ আরও বেশ কয়েকজন নেতা-কর্মী। তাঁরা সকলেই অভিষেকের লালবাগের জনসভায় তৃণমূলে যোগ দেবেন।
  • Link to this news (আজকাল)