• এই জেলার রাজনৈতিক 'পিচ'-এ দুই ভারত বিখ্যাত ক্রিকেটার
    আজকাল | ১৮ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের রাজনীতির ময়দানে এ যেন ক্রিকেটের দুই মহারথীর লড়াই ! একদিকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করছেন বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য ইউসুফ পাঠান, অন্যদিকে কংগ্রেসের হয়ে মুর্শিদাবাদের ভোট রাজনীতির ময়দানে নেমে পড়লেন ভারতীয় ক্রিকেটের 'বড়ে মিয়াঁ' মহম্মদ আজহারউদ্দিন।  ভারতীয় ক্রিকেটের দুই 'ধুরন্ধর'-এর এই লড়াই এবার মুর্শিদাবাদের রাজনীতির ময়দানে নতুন আকর্ষণ। 

    গত ২০২৪-এর লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে হারিয়ে লোকসভায় পৌঁছে যান বিশ্বকাপ ক্রিকেট জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য, অলরাউন্ডার ইউসুফ পাঠান। তৃণমূল কংগ্রেস দলের 'স্টার ক্যাম্পেনার' হিসেবে ইউসুফ পাঠান  মুর্শিদাবাদ ছাড়াও ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন এলাকায় তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার করেছেন। মুর্শিদাবাদ জেলার বেশ কয়েকটি বিধানসভা এলাকায় তাঁকে তৃণমূল প্রার্থীদের সমর্থনে 'রোড শো' এবং জনসভায় অংশগ্রহণ করতে দেখা গিয়েছে। 

    তৃণমূল প্রার্থীদের হয়ে ইউসুফ পাঠান যেখানেই গিয়েছেন সেখানে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ এবং ভিড় ছিল চোখে পড়ার মতো। 

    অন্যদিকে ইউসুফ পাঠানের 'ঝড়ো ব্যাটিং'কে জবাব দেওয়ার জন্য শনিবার মুর্শিদাবাদের নির্বাচনী ময়দানে 'ব্যাট করতে' নামলেন মহম্মদ আজহারউদ্দিন‌। একদা যার কব্জির মোচড়ে বিখ্যাত বোলারদের বাউন্সারও বাউন্ডারি লাইন পার করে যেত। আজ 'হার' নয় , আজ 'জিত' এর লক্ষ্য নিয়ে শনিবার থেকে মুর্শিদাবাদে নির্বাচনী প্রচার শুরু করলেন প্রাক্তন এই কংগ্রেস সাংসদ।  

    শনিবার সকালে বহরমপুরে হেলিকপ্টারে করে এসে পৌঁছন মহম্মদ আজহারউদ্দিন।  বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে সঙ্গে নিয়ে তিনি  নির্বাচনী প্রচার শুরু করেছেন। আজ মুর্শিদাবাদের দৌলতাবাদ, রাণীনগর এবং মুর্শিদাবাদ বিধানসভা এলাকায় আজহারউদ্দিনের 'রোড শো' করার কথা রয়েছে। 

    মুর্শিদাবাদে নির্বাচনী প্রচার তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার করতে নেমে ইউসুফ পাঠান যেমন রাজ্যের উন্নয়নের জন্য অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জিকে সমর্থন করার আবেদন রেখেছেন ,তেমনি  কংগ্রেস প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচার করতে নেমে সমস্ত ভোটারদের অধীর চৌধুরীর হাত শক্ত করার জন্য তিনি আবেদন করেন আজহারউদ্দিন। 

    তিনি বলেন," ২০১০-১১ সাল নাগাদ আমি মুর্শিদাবাদ জেলায় নির্বাচনী প্রচার করতে এসেছিলাম। এত বছর পর আজ আবার নির্বাচনী প্রচার করতে এসে দেখছি এই জেলার অনেক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের সিংহভাগ কৃতিত্ব অধীর ভাইয়ের।"
  • Link to this news (আজকাল)