আজকাল ওয়েবডেস্ক: বিধাননগরে গণধর্ষণের অভিযোগ। এরপরই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হল একজনকে। তাকে গ্রেপ্তার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ সূত্রে খবর, চলতি বছরের ফেব্রুয়ারী মাসে নাগেরবাজারের বাসিন্দা শিবেন্দ্র সেন এক তরুণীকে হোয়াটস্যাপ কল করে সল্টলেক উত্তর থানা এলাকার কেষ্টপুর খালপারে একটি অন্ধকার জায়গায় ডাকে কাজের জন্য। এমনটাই অভিযোগ উঠে এসেছে।
তরুণী সেখানে আসার পর দেখে শিবেন্দ্র সেন ও পাপ্পু ঘোষ বসে আছে। অভিযোগ তরুণী সেখানে আসার পর অভিযুক্তরা জোর করে তাকে ধর্ষণ করে। পরে রাকেশ বলে আরও একজন সেখানে আসে। তার বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগ উঠেছে।
এরপর মার্চ মাসে বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে চিনারপার্কের একটি স্পা থেকে অভিযুক্ত শিবেন্দ্র সেনকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে বিধাননগর কোর্টে তোলা হয়েছে। পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। এর পাশাপাশি বাকি দুজনের খোঁজে তল্লাশি চলছে।