ভোটের আগেই রাজাবাজার থেকে উদ্ধার বিপুল পরিমাণে অস্ত্র, আটক বিহারের যুবক
আজ তক | ১৮ এপ্রিল ২০২৬
রাজ্যে ভোট শুরু হতে বাকি আর হাতে গোনা ৫ দিন। তার মাত্র ৫ দিন আগে কলকাতা শহরে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করল কলকাতা পুলিশ। রাজাবাজার থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়েছে।
কলকাতা পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় যুক্ত সন্দেহভাজন ব্যক্তিকে অ্যামহার্স্ট স্ট্রিট থানা এলাকায় রাজাবাজার সায়েন্স কলেজ বাসস্ট্যান্ডের সামনে ফুটপাত থেকে আটক করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম মহম্মদ সোহেল আখতার। তিনি বিহারের নালন্দা জেলার বিহার শরিফের বাসিন্দা এবং মৃত জুবাইর আখতারের ছেলে। শনিবার সকালে সে একটি ব্যাগ হাতে নিয়ে সায়েন্স কলেজ বাসস্ট্যান্ডের সামনের ফুটপাতে দাঁড়িয়ে ছিল। পুলিশের সন্দেহ হতেই তাকে আটকে ব্যাগ খোলা হয়। আর তাতেই চোখ কপালে ওঠে পুলিশের।
কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ওই ব্যাগ উদ্ধার করা জিনিসের মধ্যে রয়েছে ৬টি সিঙ্গেল-শট আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড ৮ মিমি গুলি। পুলিশের তৎপরতা ও সতর্কতার ফলে সম্ভাব্য বড়সড় অপরাধমূলক কর্মকাণ্ড রুখে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করেছে কলকাতা পুলিশ।
যদিও ওই ব্যক্তি এত অস্ত্রশস্ত্র নিয়ে কোথায় যাচ্ছিলেন বা এই বিপুল সম্ভার কাকে ডেলিভারি দেওয়ার কথা ছিল, সে বিষয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। পুলিশের গোয়েন্দারা ধৃত ব্যক্তিকে জেরা করে মূল চক্রের হদিশ পাওয়ার চেষ্টা করছেন। তবে নির্বাচনের মাত্র কয়েক দিন আগে শহরের মাঝখানে এইভাবে অস্ত্র পাচারের ঘটনা নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। গোয়েন্দাদের ধারণা, ভোটের সময় বড় কোনও গোলমাল পাকানোর লক্ষ্যেই হয়তো এই অস্ত্রগুলি আনা হয়েছিল।