খড়্গপুর আইআইটিতে আট তলা থেকে ঝাঁপ তৃতীয় বর্ষের ছাত্রের
দৈনিক স্টেটসম্যান | ১৮ এপ্রিল ২০২৬
খড়্গপুর আইআইটিতে ফের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। শনিবার সকালে জয়বীর সিংহ ডোডিয়া নামে ২১ বছর বয়সি এক ছাত্র ক্যাম্পাসের আট তলায় অটল বিহারী বাজপেয়ী হল থেকে ঝাঁপ দেন বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত পৌঁছে যায় খড়্গপুর টাউন থানার অন্তর্গত হিজলি পুলিশ ফাঁড়ির পুলিশকর্মীরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বিসি রায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে কর্তৃপক্ষ।
পুলিশ জানিয়েছে, জয়বীরের বাড়ি আহমেদাবাদের ঘুমা এলাকায়। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন এবং নেহরু হলে থাকতেন। তবে কীভাবে তিনি নিজের হস্টেল ছেড়ে অন্য হস্টেলে পৌঁছলেন এবং কীভাবে ভবনের ছাদে উঠলেন, তা এখনও স্পষ্ট নয়। এই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাঁর গতিবিধি জানার চেষ্টা চলছে।
এই ঘটনাকে কেন্দ্র করে আবারও সামনে এসেছে ক্যাম্পাসে ছাত্রদের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের প্রশ্ন। কারণ, ২০২৫ সালেও এই প্রতিষ্ঠানে একাধিক অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছিল। ওই বছরে মোট সাতজন ছাত্রের মৃত্যু হয়, যাদের মধ্যে পাঁচজনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল বলে জানা যায়। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে একাধিক ছাত্র আত্মঘাতী হন। এছাড়া ডিসেম্বর মাসে আরও এক ছাত্রের দেহ রেললাইনের পাশ থেকে উদ্ধার করা হয়।
ক্রমাগত এই ধরনের ঘটনা প্রশাসনের ওপর চাপ বাড়াচ্ছে। বিশেষজ্ঞদের মতে, শিক্ষার্থীদের মানসিক চাপ, একাকীত্ব এবং প্রতিযোগিতার পরিবেশকে গুরুত্ব দিয়ে দেখা জরুরি। সেই সঙ্গে ক্যাম্পাসে কাউন্সেলিং ও সহায়ক পরিকাঠামো আরও জোরদার করার প্রয়োজনীয়তাও উঠে আসছে।