একেবারে ৬০ শতাংশ! বাংলা ও তামিলনাড়ুর ভোটের মুখে ডিএ নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের
প্রতিদিন | ১৮ এপ্রিল ২০২৬
কেন্দ্রীয় সরকারি কর্মীদের সুখবর। মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মীদের জন্য ২ শতাংশ ডিএ বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিয়ে দিল মোদি সরকার। যার জেরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ-র হার বেড়ে দাঁড়াল মূল বেতনের ৬০ শতাংশ। বাংলা ও তামিলনাড়ুর ভোটের মুখে এই ডিএ বৃদ্ধি মোদি সরকারের মাস্টারস্ট্রোক হতে পারে। কারণ এই ঘোষণায় রাজ্য ও কেন্দ্র সরকারের ডিএ’র ফারাক আরও বাড়ল। যদিও ডিএ বৃদ্ধির হার নিয়ে খানিকটা অসন্তোষও রয়েছে।
সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হতে চলেছেন এক কোটির বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগী। এর মধ্যে ৫০.৫ লক্ষ কর্মী ও ৬৬.৫ লক্ষ পেনশনভোগী। অতিমারীর সময় তিনবার ডিএ স্থগিত করে দেওয়া হলেও ২০২১ সাল থেকে ফের নিয়মিত ডিএ দেওয়া শুরু করেছে কেন্দ্র। গত কয়েক বছরে সেটা নিয়মিত বাড়ছেও। এর আগে ২০২৪ সালের জুলাইয়ে ৩ শতাংশ ডিএ বাড়িয়েছিল কেন্দ্র। ফলে ৫০ থেকে তা বেড়ে হয়েছিল ৫৩ শতাংশ। গত বছর জুলাই মাসে আরও ২ শতাংশ মহার্ঘ্য ভাতা বাড়ায় মোদি সরকার। তাতে মোট ডিএ বেড়ে হয় ৫৫ শতাংশ।
গত বছর অক্টোবরে ফের ৩ শতাংশ বাড়ানো হয় ডিএ। সব মিলিয়ে মহার্ঘ্য ভাতা দাঁড়ায় ৫৮ শতাংশ। ৬ মাসের মধ্যে ফের ২ শতাংশ ডিএ বাড়ানো হল। ফলে মোট ৬০ শতাংশে দাঁড়াল কেন্দ্রের ডিএ। তবে এই নিয়ে গত প্রায় ৭ বছরের মধ্যে মাত্র দু’বার ডিএ বৃদ্ধি হল ৩ শতাংশের কম। কেন এবারের বৃদ্ধির হার এত কম? জানা যাচ্ছে, খুচরো পণ্যের মূল্যবৃদ্ধির হার কমে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।
তবে ডিএ বৃদ্ধির হার নিয়ে ক্ষোভ রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে। এমনিই অষ্টম বেতন কমিশন চালু না হওয়ায় অসন্তোষ তৈরি হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের একাংশের মতে। চলতি বছরের শুরু থেকেই কেন্দ্রের অষ্টম পে কমিশন কার্যকর হওয়ার কথা ছিল। তবে এখনও তা হয়নি। ইতিমধ্যেই শ্রমিক সংগঠনগুলির তরফ থেকে পে কমিশন নিয়ে চূড়ান্ত স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, মূল বেতন অন্তত ৬৯ হাজার টাকা করতে হবে।বার্ষিক বেতনবৃদ্ধির হারও বাড়িয়ে ৬ শতাংশ করতে হবে। কিন্তু বেতম কমিশন কার্যকর না হওয়ায় সবটাই এখন অথৈ জলে। এসবের মধ্যেই ডিএ বৃদ্ধির হার মাত্র ২ শতাংশ হওয়ায় ক্ষোভ আরও বাড়বে।