• খড়গপুর আইআইটিতে ফের পড়ুয়ার রহস্যমৃত্যু, ৮ তলা হস্টেল থেকে নিচে পড়ে প্রাণহানি?
    প্রতিদিন | ১৮ এপ্রিল ২০২৬
  • ফের আইআইটি খড়গপুরে (IIT Kharagpur) পড়ুয়ার রহস্যমৃত্যু। হস্টেল ভবনের নিচ থেকে উদ্ধার রক্তাক্ত দেহ। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিক অনুমান, ৮ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন ছাত্র। পড়ুয়া কী কারণে চরম সিদ্ধান্ত নিলেন তা জানা যায়নি। মৃতের সহপাঠীদের সঙ্গে কথা বলছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য পড়ুয়াদের মধ্যে। দেশের প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠানে বারবার পড়ুয়া মৃত্যুর ঘটনায় উঠছে প্রশ্ন। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্তে পুলিশ।

    পুলিশ ও পড়ুয়া সূত্রে জানা গিয়েছে, মৃত পড়ুয়ার নাম জয়বীর সিংহ ডোডিয়া। বয়স ২১ বছর। তিনি আইআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষে ছাত্র ছিলেন। আদতে গুজরাটের আহমেদাবাদের বাসিন্দা জয়বীর থাকতেন ক্যাম্পাসের নেহেরু হলে। শনিবার অটলবিহারী হলের নিচ থেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জয়বীরকে মৃত বলে ঘোষণা করেন। জয়বীর নেহরু হল থেকে অটলবিহারী হলে কেন? তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

    গত ১৬ মাসে এই নিয়ে ৮ জন পড়ুয়ার মৃত্যু ঘটল খড়গপুর আইআইটিতে (IIT Kharagpur)। তাঁদের মধ্যে পাঁচজনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এবার জয়বীরের ঘটনা সামনে এল। কেন বারবার খড়গপুরের মতো প্রতিষ্ঠান এই রকম ঘটনা ঘটছে? তা নিয়ে প্রশ্ন উঠেছে।
  • Link to this news (প্রতিদিন)