• ‘কাল মুখে ঝামা ঘষে দিয়েছে’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপিকে তোপ মমতার
    প্রতিদিন | ১৮ এপ্রিল ২০২৬
  • লোকসভায় প্রত্যাখিত মহিলা সংরক্ষণ বিল। সম্মিলিত বিরোধীশক্তির ভোটাভুটিতে দুই-তৃতীয়াংশ সমর্থন না পেয়ে মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে ব্যর্থ হয়েছে মোদি সরকার। শুক্রবার থেকেই এনডিএ জোটের তীব্র সমালোচনায় একজোট হয়েছে বিরোধীরা। এবার মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপিকে কড়া আক্রমণ করলেন মমতা বন্দ্যাপাধ্যায়ের (Mamata Banerjee)। “কাল থেকে বিজেপির পতন শুরু হয়েছে।” উলুবেড়িয়ার নির্বাচনী সভা থেকে তীব্র কটাক্ষ মমতার। 

    মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপির তুলোধনা করে মমতা বলেন, “মহিলা বিলের নামে ৫৪৩ আসন বাড়িয়ে ৮৫০ আসন করতে চেয়েছিল। দেশটাকে ভাগ করতে চেয়েছিল। বঙ্গভঙ্গ করতে চেয়েছিল। আমার এখানে ইলেকশন থাকা সত্ত্বেও ২১ জন সাংসদকে পাঠিয়েছি। আমরা কাল বিজেপিকে পরাস্ত করেছি। আগামীদিনে বিজেপিকে হঠাব। মোদির পতন শুরু হয়েছে। বাংলাকে টার্গেট করলে আমরা দিল্লিকে টার্গেট করি।” বাংলায় বিজেপির মিথ্যাচারের অভিযোগ তুলে মমতা আরও বলেন, “বলেছিলাম পতন হবে, গতকাল থেকে পতন শুরু হয়ে গেছে তো। কাল মুখে ঝামা ঘষে দিয়েছে। এবার বাংলার মানুষ ঝামা ঘষে দিন। সব যাবে যখন পতন শুরু হয় না, একেবারে হয়।”

    প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার মহিলা সংরক্ষণ বিল পাশের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ণকেই রুখতে চাইছে। আগেই সেই ইঙ্গিত করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই বিলের বিরোধিতায় একাধিকবার সবর হয়েছিলেন তিনি। সংসদের ভিতরে ও বাইরে তৃণমূলের সাংসদরা সবর হয়েছেন। বৃহস্পতিবার মহিলা সংরক্ষণ বিল ফেল করতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন অখিলেশ যাদব। ‘দিদি’কে শুভেচ্ছা জানান তিনি।

    তিনদিনের বিশেষ অধিবেশনে তিনটি বিল পাশ করাতে সক্রিয় ছিল যার প্রথমটি ছিল, লোকসভা ও বিধানসভাগুলিতে মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণ। এই বিলের নাম ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’। ভোটাভুটি চলাকালীন বিলটির পক্ষে ২৯৮টি ভোট পড়লেও বিপক্ষে পড়ে ২৩০টি। দুই-তৃতীয়াংশ সমর্থন না মেলায় শেষ পর্যন্ত পাশ করানো যায়নি বিলটি। উল্লেখ্য, ২০২৩ সালে ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ বিল পাশ হয়েছিল সংসদে। বিলে উল্লেখিত ছিল, মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। সেখানে আরও বলা হয়েছিল, জনগণনার পরে আসন পুনর্বিন্যাস করা হবে। তারপর ওই আসনের ৩৩ শতাংশ আসন সংরক্ষিত রাখা হবে মহিলাদের জন্য। কিন্তু তার অপেক্ষা না করেই তড়িঘড়ি মহিলা সংরক্ষণ বিল পেশ করে কেন্দ্র। লোকসভার সায় না পেতেই মোদি সরকারের সমালোচনায় আসরে বিরোধীরা।
  • Link to this news (প্রতিদিন)