পোস্টাল ব্যালটে ভোট (WB Assembly Election 2026) শুরু হতেই বিতর্ক। ভোটারদের প্রভাবিত করার অভিযোগে কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কনস্টেবলকে সাসপেন্ড করল লালবাজার। শনিবার কলকাতা পুলিশের যুগ্ম কমিশনারের তরফে সাসপেনশনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ভোটপর্ব মিটে যাওয়া পর্যন্ত তাঁকে সাসপেনশনে থাকতে হবে। বেতনের অর্ধেক আপাতত পাবেন মাসুদ করিম। তাঁর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তাকে অত্যন্ত গুরুতর বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কনস্টেবল মাসুদ করিমের বিরুদ্ধে অভিযোগ ঠিক কী? জানা গিয়েছে, ভবানীপুরে তিনি কর্মরত ছিলেন। ভোটের (WB Assembly Election 2026) সময় কমিশনের রদবদলের মাঝে পড়ে তাঁকে হলদিয়া মহকুমাশাসকদের দপ্তরে বদলি হতে হয়। গত ১৩ তারিখ থেকে রাজ্যে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ শুরু হয়েছে। অভিযোগ, হলদিয়া মহকুমাশাসকের দপ্তরে পোস্টাল ব্যালটে ভোট চলাকালীন মাসুদ করিম ভোটারদের প্রভাবিত করেছেন, যা অত্যন্ত গুরুতর। আর সেই কারণে তাঁকে সাসপেনশনের সিদ্ধান্ত নিল লালবাজার।
বঙ্গে ছাব্বিশের ভোটপর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের চেষ্টার অন্ত নেই। মার্চ মাসের গোড়া থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থেকে নজরদারি বৃদ্ধি, সবই করা হয়েছে। কোথাও যাতে কোনও অশান্তি, কারচুপি না হয়, তার জন্যও বিস্তর নজরদারি ক্যামেরার ব্যবস্থা করেছে কমিশন। কিন্তু তারপরও পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠায় সঙ্গে সঙ্গে পদক্ষেপ করল কলকাতা পুলিশের সদর দপ্তর। আপাতত ভোটপর্ব না মেটা পর্যন্ত কনস্টেবল মাসুদ করিম সাসপেনশনেই থাকবেন। নিয়ম অনুযায়ী, এই সময়টুকু তিনি অর্ধেক বেতন পাবেন।