জেলায় জেলায় শুরু হয়েছে পোস্টাল ভোট। বাড়ি বাড়ি বয়স্কদের ভোটদান কর্মসূচি চালু হয়েছে। এর মাঝেই শনিবার পূর্ব মেদিনীপুরের নাটশাল-২ গ্রাম পঞ্চায়েতে এক বৃদ্ধার ভোট দেওয়া নিয়ে প্রবল অশান্তি। এক নাবালককে ডেকে ওই বৃদ্ধার ভোটদান করানো হয়েছে বলে অভিযোগ পরিবারের। এই ঘটনায় কমিশনের আধিকারিকদের বিরুদ্ধে সরব হয়েছেন ওই বৃদ্ধার পরিবারের লোকজন। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা এলাকায়।
এ দিন সকালে নাটশাল-২ গ্রাম পঞ্চায়েতের ১০৭ নম্বর বুথে ভোট নিতে যান কমিশনের আধিকারিকরা। রামবাগের বাসিন্দা দুর্গা দাসের (৯০) ভোটদানের ব্যবস্থা করা হয়। দুর্গা দাসের পরিবারের দাবি, দুর্গা দাস বর্তমানে ঠিক করে চোখে দেখতে পান না। সেই কারণে তাঁর বৌমাকে ভোট দিতে সাহায্য করার আবেদন জানিয়েছিলেন। সেই দাবি মানতে চাননি কমিশনের আধিকারিকরা। এর পরে এক নাবালককে ডেকে নিয়ে গিয়ে ভোটদানে সাহায্য করার কথা বলা হয়।
বৃদ্ধার বৌমা বলেন, ‘ওঁরা ব্যালট কাগজে একটি টিক চিহ্ন দেওয়ার জন্য বলছিলেন। ওঁর বয়স হয়ে গিয়েছে, উনি ঠিক করে ভোট দিতে পারছিলেন না। আমি সাহায্য করার জন্য বলি। ওঁরা শুনতে চাননি। বাড়ি থেকে সবাইকে বের করে দেন। বাড়ির সামনে কয়েকজন বাচ্চা ছিল। ৮ বছরের নাতিকে ডেকে নিয়ে তাকে দিয়ে ভোট দেওয়ানো হয়েছে।’ বিষয়টি জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘এ ভাবে এক নাবালককে ডেকে নিয়ে গিয়ে ভোট দেওয়ানো ঠিক হয়নি।’
স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, ৯৫ বছরের দুর্গা দাস এক সময়ে তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। বর্তমানে বার্ধক্যজনিত কারণে সক্রিয় রাজনীতিতে না থাকলেও তিনি তৃণমূলের সমর্থক। তাই এই এলাকার বিডিও বিজেপির সুবিধে করে দিতে এইভাবে ভোট করাচ্ছেন বলে অভিযোগ।
শনিবারের এই ঘটনার পরেই রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ জমা করেছেন মহিষাদল বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিলক চক্রবর্তী। তিনি বলেন, ‘এটি সম্পূর্ণভাবে অনৈতিক এবং বেআইনি। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। এখানকার বিডিওর নির্দেশেই এই সব ঘটেছে। উনি সম্পূর্ণভাবে বিজেপির হয়ে দালালি করছেন। তাই বিজেপির সুবিধা করে দিতে এ ভাবে ভোট করাচ্ছেন। উনি আমার এবং আমার ইলেকশন এজেন্টের সঙ্গে দুর্ব্যবহার করেন।’ যদিও এই ঘটনা নিয়ে জেলাশাসক ও জেলা নির্বাচনী আধিকারিক নিরঞ্জন কুমার বলেন, ‘সহযোগী ভোটার হিসেবে কেবলমাত্র ভোটার তালিকায় নাম নেই এমন ব্যক্তি ভোট দিতে পারে। তাই ওই বৃদ্ধার হয়ে নাবালক ভোট দিয়েছে।’