• ‘মা-বোনেদের কাছে ক্ষমা চাইছি...’ দেশের মহিলাদের কী বার্তা দিলেন মোদী?
    এই সময় | ১৯ এপ্রিল ২০২৬
  • মহিলা সংরক্ষণ বিল ও ডিলিমিটেশন বিল সংসদে পাশ করাতে না পারার জন্য দেশের মহিলাদের কাছে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বললেন, ‘ভারতের নারী শক্তির উড়ান আটকে দেওয়া হয়েছে। তাঁদের স্বপ্নকে ভেঙে দেওয়া হয়েছে।’ তাঁর তোপ, ‘কংগ্রেস, ডিএমকে, টিএমসি ও সমাজবাদী পার্টির স্বার্থপরতার জন্য দেশের নারীশক্তির উন্নয়নকে ভুগতে হলো।’ শনিবার রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণের গোটা সময় ধরে কার্যত কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধী দলগুলিকে তোপ দাগলেন মোদী। এর মধ্যে কংগ্রেস, ডিএমকে ও তৃণমূলের সঙ্গে বিধানসভার ভোটগুলিতে সরাসরি লড়াইয়ে রয়েছে বিজেপি।

    মহিলা সংরক্ষণের বিরোধিতা করে বিরোধী দলগুলি ‘পাপ’ করেছে বলে তোপ মোদীর। তাঁর অভিযোগ, ‘ওঁরা যা করেছেন, সেটা নারীদের আত্মসম্মানের উপর আঘাত ছিল। নারী সব ভুলে যান কিন্তু নিজেদের অপমান ভোলেন না। সংসদে যা হয়েছে সেটা মহিলাদের মনে থাকবে।’

    মহিলা সংরক্ষণ বিল রুখে দেওয়া ভ্রূণহত্যার সামিল বলে অভিযোগ মোদীর। কংগ্রেস মহিলা সংরক্ষণের বিরোধী বলে তোপ তাঁর। মোদীর অভিযোগ, ‘কংগ্রেস সব সময় মহিলা সংরক্ষণ বিলের কাজ আটকে দিয়েছে। এ বারও কংগ্রেস ও তার সঙ্গীরা এই কাজ আটকানোর জন্য মিথ্যের আশ্রয় নিয়েছে।’

    মোদীর অভিযোগ, ‘আমার আশা ছিল, কংগ্রেস নিজের পাপের প্রায়শ্চিত্ত করবে। কিন্তু কংগ্রেস ইতিহাস তৈরির সুযোগ হারিয়ে ফেলল।’ মহিলা সংরক্ষণ বিলের ইস্যু নিয়ে আগাগোড়া কংগ্রেসকে তোপ দাগলেন মোদী। তাঁর দাবি, এই কাজ করে বহু আঞ্চলিক দলের ভবিষ্যত অন্ধকার করে দিয়েছে কংগ্রেস।

    কংগ্রেস, তৃণমূল-সহ বাকি বিরোধী দলগুলিকে পরিবারতান্ত্রিক দল বলে তোপ দাগলেন মোদী। সেই কারণেই মহিলাদের ক্ষমতায়ন করতে চায় না এরা, দাবি মোদীর। প্রধানমন্ত্রীর তোপ, ‘এরা চান না, ওদের পরিবারের বাইরে থাকা কোনও মহিলা এগিয়ে যান।’

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিযোগ, কংগ্রেস বিভাজনের মাধ্যমে ক্ষমতা ধরে রাখার পক্ষপাতী। কংগ্রেস ও তাদের শরিক দলগুলি ডিলিমিটেশন নিয়ে মিথ্যে কথা বলেছে বলে দাবি মোদীর। কোনও রাজ্যের আলাদা করে ক্ষতি হবে না বলে দাবি মোদীর। তাঁর দাবি, এই বিল পাশ হলে সব রাজ্যের আসল আনুপাতিক ভাবেই বাড়ত।

    এই বিল পাশ হলে ডিএমকে আরও তামিল নাগরিকদের সংসদে নিয়ে আসতে পারত। একই ভাবে বাংলার আরও নাগরিক সংসদে আসতে পারতেন বলে দাবি মোদীর। কিন্তু সেটা না করে নিজের রাজ্যের বাসিন্দাদের ক্ষতি করেছে ডিএমকে, তৃণমূল, অভিযোগ নরেন্দ্র মোদীর (Narendra Modi Address to Nation)।

    গোটা বক্তব্যে আগাগোড়া কংগ্রেসকে বিঁধেছেন নরেন্দ্র মোদী। তিন তালাক রোধ, ৩৭০ অনুচ্ছেদের বিলোপ, ডিজিটাল পেমেন্ট থেকে শুরু করে যে কোনও সংশোধনবাদী পদক্ষেপের বিরোধ করে কংগ্রেস, তোপ মোদীর। SIR, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পদক্ষেপ করা, UCC লাগু করা নিয়েও কংগ্রেস বিরোধিতা করেছে বলে অভিযোগ করেন মোদী। তুলে এনেছেন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক, জল বণ্টন চুক্তি নিয়ে কংগ্রেস সরকারের পদক্ষেপের বিষয়ও।

    মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে না পারা বিজেপি সরকারের ব্যর্থতা বলে প্রচার হচ্ছে বলে অভিযোগ মোদীর। কিন্তু বিষয়টি ‘ক্রেডিট’ নেওয়ার নয় বলে এ দিন দাবি করেছেন তিনি। মোদী বলেন, ‘বিল পাশ করানোর জন্য জরুরি ভোট আমাদের মেলেনি। কিন্তু আমি জানি, দেশের ১০০ শতাংশ নারী শক্তির আশীর্বাদ আমাদের সঙ্গে আছে। আমি বলে রাখছি, মহিলা সংরক্ষণের রাস্তায় যা যা বিরোধ আসবে, সব আমরা সরিয়ে ছাড়ব।’ তাঁর সংযোজন, ‘আমাদের কাছে সংখ্যা ছিল না, তার মানে এটা নয় যে আমরা হেরে গিয়েছি। আমাদের চেষ্টা থামবে না। আমাদের সামনে আরও সুযোগ আসবে।’

    মহিলাদের DECOY হিসেবে সামনে রেখে ডিলিমিটেশন বিল পাশ করানো আদতে মহিলাদের অপমান করা বলে তোপ দেগেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক-ও-ব্রায়েন।

  • Link to this news (এই সময়)