জোরকদমে চলছে রাজনৈতিক দলগুলির ভোটের প্রচার। নির্বাচনী সভায় গিয়ে অসংলগ্ন বক্তব্যের উদাহরণ নতুন নয়। এ বার তমলুকের BJP প্রার্থীর একটি বক্তব্যকে নিয়ে শুরু নতুন বিতর্ক। ভরা সভার মাঝেই বিজেপি নেতা বলে বসলেন, নির্বাচনে বিজেপি হারতে চলছে। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। সম্প্রতি সমাজমাধ্যমে তাঁর বক্তব্যের ভিডিয়ো (যাচাই করেনি এই সময় অনলাইন) ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমেও।
শুক্রবার রাতে তমলুক বিধানসভার শহীদ মাতঙ্গিনী ব্লকের কাঁকটিয়া বাজারে বিজেপি প্রার্থী হরেকৃষ্ণ বেরার সমর্থনে একটি জনসভা ছিল। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে সদ্য বিজেপিতে যোগদান করা শহীদ মাতঙ্গিনী ব্লকের প্রাক্তন সভাপতি দিবাকর জানা বলেন, ‘আমি কথা দিতে পারি আমাদের প্রার্থী ৩০ হাজারের নীচে আমাদের প্রার্থী হারবে না, ৩০ হাজারের উপরে যাবে।’ তাঁর এই বক্তব্যে শোরগোল পড়ে যায় তমলুকে।
নিজের দলের প্রার্থীর জেতার ব্যাপারে বলতে গিয়ে মুখ ফসকে পরাজিত হওয়ার কথা বলে ফেলেন ওই বিজেপি নেতা। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। মাতঙ্গিনী ব্লক যুব তৃণমূলের সভাপতি সুমিত সামন্ত বলেন, ‘উনি কিছু ভুল বলেন নি। ওঁদের প্রার্থী সত্যিই হারবে। সেটাই উনি বলেছেন।’
উল্লেখ্য, পূর্ব মেদিনীপুর জেলার তমলুক বিধানসভায় লোকসভা নির্বাচনের নিরিখে অনেকটাই সুবিধাজনক জায়গায় আছে বিজেপি। এই আসনটিকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত। এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন দীপেন্দ্রনারায়ণ রায়।