মাত্র ২ শতাংশ কেন্দ্রীয় ডিএ বাড়ল, ৭ বছরের সর্বনিম্ন
বর্তমান | ১৯ এপ্রিল ২০২৬
নয়াদিল্লি, ১৮ এপ্রিল: আশঙ্কাই সত্যি হলো। প্রত্যাশার তুলনায় নামমাত্র ডিএ বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের। তা বাড়ল মাত্র ২ শতাংশ। আজ, শনিবার এই প্রস্তাবে সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। যা বিগত সাত বছরের মধ্যে সর্বনিম্ন। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে বর্ধিত মহার্ঘ ভাতা (ডিএ) ও ডিয়ারনেস রিলিফ (ডিএ) কার্যকর হবে। ফলে অল্পেই সন্তুষ্ট থাকতে হচ্ছে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের।
প্রতি বছর দু’বার কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ে। এই হার নির্ভর করে মূল্যবৃদ্ধির উপরে। সাধারণত প্রতি জানুয়ারি ও জুলাই মাসে ডিএ বাড়ানো হয়। কিন্তু এ বছর ডিএ ঘোষণার ক্ষেত্রে গোড়িমশি করছিল কেন্দ্র। যা নিয়ে ক্ষোভ বাড়ছিল কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে। অবশেষে এলো স্বস্তির খবর। এর ফলে ডিএ ৫৮ শতাংশ থেকে বেড়ে হচ্ছে ৬০ শতাংশ।