• আজ রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর, তুঙ্গে জল্পনা
    বর্তমান | ১৯ এপ্রিল ২০২৬
  • নয়াদিল্লি, ১৮ এপ্রিল: গতকাল সংসদে মুখ পুড়েছিল। মহিলা বিলের মোড়কে সরকারের ডিলিমিটেশন প্ল্যান লোকসভায় ভেস্তে দিয়েছে ঐক্যবদ্ধ বিরোধী শিবির। এই প্রেক্ষাপটে আজ, শনিবার রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনই জানানো হয়েছে সরকারের তরফে। যদিও বিষয়বস্তু নিয়ে খোলসা করে কিছু জানায়নি তারা। যার ফলে বাড়ছে জল্পনা। তথ্য বলছে, নোটবন্দি হোক বা লকডাউন- অতীতে এমনই বড় কোনো ঘোষণার জন্য সংসদের পরিবর্তে টেলিভিশনকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী। এদিনও তাঁর ভাষণে তেমনই কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা থাকতে পারে বলে মত পর্যবেক্ষকদের।

    কেন্দ্রের কুর্সিতে বসা ইস্তক এই প্রথম কোনো বিলে হার হল মোদি-শাহের। একে মোদি জমানার শেষের শুরু বলে প্রচার শুরু করেছে বিরোধীরা। অন্যদিকে, বিল পাশ না হওয়ায় বিরোধীদের আক্রমণ করতে ছাড়েনি গেরুয়া শিবির। ‘মহিলাদের অভিশাপ লাগবে’ বলে কংগ্রেসকে তোপ দেগেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। দেশের মহিলাদের জন্য এটা বড় ক্ষতি বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রীর আজকের ভাষণের মূল প্রতিপাদ্য হতে চলেছে মহিলা বিল প্রসঙ্গ? সংসদকে এড়িয়ে কি এবার অর্ডিন্যান্স জারির ঘোষণা থাকবে তাঁর বক্তব্যে? উত্তরের অপেক্ষায় সব মহল।
  • Link to this news (বর্তমান)